সিডরে নিখোঁজ বাচ্চু মিয়া হঠাৎ বাড়িতে!
ঘূর্ণিঝড় সিডরের সময় নিখোঁজ পিরোজপুরের জেলে বাচ্চু মিয়াকে (২৭) গত মঙ্গলবার হঠাৎ নিজের এলাকায় পাওয়া যায়। প্রায় সোয়া চার বছর পর তাঁকে পাওয়ায় তাঁর মা যারপরনাই খুশি। বিস্মিত পাড়া-প্রতিবেশী। বাচ্চু মিয়ার বাড়ি জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে। তাঁর মামা চান মিয়া বলেন, ‘সিডরের পর বাচ্চু ও তাঁর বাবার কোনো খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছিল, তাঁরা বেঁচে নেই। মঙ্গলবার বটতলা এলাকায় হঠাৎ বাচ্চুকে ঘুরতে দেখি। এর পর তাঁকে বাড়িতে নিয়ে আসি।’বাচ্চুর মা মিলন বেগম জানান, বাচ্চু ও তার বাবা মনছুর আহমেদ ২০০৭ সালের ১৩ নভেম্বর ট্রলারযোগে সাগরে মাছ ধরতে যান। দুই দিন পর সিডর আঘাত হানলে ছেলে-বাবা নিখোঁজ হন। মিলন বেগম বলেন, ফিরে আসার পর বাচ্চু বাড়ির কারও সঙ্গেই খুব একটা কথা বলছে না। কিছুক্ষণ পরপর ‘পানি পানি’ বলে চিৎকার দেয়, ‘আমার বাবা নাই, বাবা নাই’ বলে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। বাচ্চুর খালু জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাচ্চু গতকাল বৃহস্পতিবারও খাবার ঠিকমতো খেয়েছেন। কিন্তু কথাবার্তা এখনো অসংলগ্ন। কখনো হাসে, কখনো কাঁদে। লোকজন দেখলে পানি পানি বলে দৌড়ে ঘরে ঢোকে।’পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এস দাস বলেন, ‘স্নায়বিক সমস্যা থেকে এ ধরনের লক্ষণ দেখা দেয়। তাঁকে মনোরোগ বিশেষজ্ঞ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা করানো দরকার। তাহলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান সিডরে নিখোঁজ বাচ্চুর হঠাৎ বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। সিডরে বাবা-ছেলে নিখোঁজ হওয়ার ঘরে মা সাত বছরের আরেক ছেলে রেজাউল করিম ও চার বছরের ছোট মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েন। অবশেষে রেজাউল স্কুল ছেড়ে মাছ শিকারে নামে, সংসারের হাল ধরে।