সিডরে নিখোঁজ হারুন বাড়ি ফিরেছেন
২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ গুলিশাখালী গ্রামের জেলে হারুন (৪৫) গত সোমবার বিকেলে বাড়ি ফিরে এসেছেন।হারুনের বাবা হাফেজ হাওলাদার জানান, সোমবার সকালে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে পায়রা নদীর তীরবর্তী একটি খেতে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা হারুনকে চিনতে পেরে তাঁর পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন হারুনকে বাড়ি নিয়ে আসে।মঙ্গলবার দক্ষিণ গুলিশাখালী গ্রামে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ সময়ই হারুন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। কীভাবে ফিরে এলেন, এত দিন কোথায় ছিলেন—এসব বিষয়ে তিনি কিছু মনে করতে পারছেন না। সামান্য যা কথা বলছেন তা অসংলগ্ন।হারুনের বাবা-মা জানান, প্রথমে পরিবারের কাউকে চিনতে না পারলেও এখন তিনি তাঁর মাকে চিনতে পারছেন। তবে এখনো স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানকে চিনতে পারছেন না। দীর্ঘদিন পরে হারুনের ফিরে আসায় সবাই খুশি হলেও অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্থানীয় লোকজনের ধারণা, নদীপথে এসে কেউ হারুনকে খেতের মধ্যে ফেলে রেখে গেছে।