সিডরে নিখোঁজ ১৪ জেলে ভারতের কারাগারে বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটার ১৩৮ জন জেলের মধ্যে ১৪ জনের সন্ধান পাওয়া গেছে। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে জেলেদের বহনকারী ট্রলার ডুবে গেলে প্রবল ঢেউ তাঁদের ভারতীয় জলসীমায় ভাসিয়ে নিয়ে যায়। তখন অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নৌবাহিনী ১৪ জন জেলেকে আটক করে। প্রায় আড়াই বছর ধরে তাঁরা পশ্চিমবঙ্গ রাজ্যের ওডিশা কেন্দ্রীয় কারাগারে বন্দী। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনারের কার্যালয় থেকে সম্প্রতি ওই ১৪ জেলেকে মুক্ত করার জন্য তাঁদের পরিচয় ও নাগরিকত্ব শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিলে এ তথ্য জানা যায়। পাথরঘাটার বাদুড়তলা এলাকার ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের তাণ্ডবে এফবি বিসমিল্লাহ ও মায়ের দোয়াসহ পাঁচটি ট্রলার ডুবে যায়। এতে এসব ট্রলারের ৭০ জন জেলে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের সন্ধান না পেয়ে স্বজনেরা আশংকা করেছিলেন, তাঁরা হয়তো আর বেঁচে নেই।পাথরঘাটা থানা সূত্র জানায়, উপহাইকমিশনারের ওই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন গত ১১ মে বরগুনার পুলিশ সুপারকে ভারতের ওডিশা কারাগারে বন্দী ১৪ জন জেলের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিতের জন্য তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ সংবলিত একটি চিঠি দেন। চিঠিতে উল্লিখিত ১৪ জেলে হলেন—পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের আলমগীর পেয়াদা, বাবুল খান, আব্বাস, মনতোষ, দেলোয়ার, নির্মল, রহিম, সামসুর রহমান, আউয়াল, বাদশা মিয়া, বারেক মাঝি ও ফুল মিয়া এবং বাদুড়তলা গ্রামের হাজেরা বেগম ও আজিজ ফকির।পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে জানান, নিখোঁজ ১৪ জনের মধ্যে ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে ফুল মিয়া, হাজেরা ও আজিজ ফকির বর্তমানে নিজেদের গ্রামে অবস্থান করছেন। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ঘূর্ণিঝড় সিডরে উপজেলার ১৩৮ জন জেলে নিখোঁজ হন। তাঁদের মধ্যে ১৪ জনের খোঁজ পাওয়া গেল। বাকিরা এখনো নিখোঁজ।