সিডরে নিহত ব্যক্তিদের স্মরণে কর্মসূচি পালন
আলোচনা সভা, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল সোমবার বরগুনা ও বাগেরহাটের শরণখোলায় সিডরের তৃতীয় বার্ষিকী পালন করা হয়।২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনায় এক হাজার ৩৪৫ জন মারা যায় এবং বসতঘর ও জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়। গতকাল দোয়া, মোনাজাত, আলোচনা সভা, গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শহরে শোক র্যা লি বের করার মধ্য দিয়ে সিডরে নিহতদের স্মরণ করা হয়।সিডরে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টায় এ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের নেতা ইউসুফ সারেঙের সভাপতিত্বে স্মরণসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। একই সময় গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্মরণসভা হয়। বিকেলে শরণখোলা প্রেসক্লাবে ‘সিডরের তিন বছর ও প্রত্যাশিত উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা হয়।