সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার সেই ভয়াল দিন আজ। তিন বছর আগে এই দিনে (১৫ নভেম্বর) সিডরের আঘাতে সরকারি হিসাবে নিহত হয় তিন হাজার ৩৪৭ জন। এখনো ৮৭১ জন নিখোঁজ। এতে ক্ষতি হয় বিপুল সম্পদের। তিন বছর পার হলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত মানুষ। সরকার নিজস্ব অর্থায়নে পুনর্বাসনকাজ পুরোপুরি করতে পারেনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেসব সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোও পূরণ করেনি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ পেতে তাই আন্তর্জাতিক আইনি লড়াই শুরুর পরামর্শ দিয়েছেন বক্তারা। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সিডরে নিহত ও নিখোঁজ স্বজনদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারকে এই পরামর্শ দেন। এতে সভাপতিত্ব করেন ইয়ুথ ইন অ্যাকশন অন ক্লাইমেটের (ইয়াক) সমন্বয়কারী শরিফুজ্জামান।সমাবেশে বক্তারা বলেন, অনেক বাঁধ পুনর্নির্মাণ বা সংস্কার করা যায়নি। তাৎক্ষণিকভাবে নামমাত্র যতটুকু সংস্কার হয়েছিল, তা-ও ফের ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবিতে আন্দোলন করছে। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিককালে বাংলাদেশে সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বাড়ছে। কিন্তু বাংলাদেশ এ বিপর্যয়ের জন্য দায়ী নয়। এই সত্যটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও স্পষ্ট। ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এবং ইয়াক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন ভাস্কর রাসা, রুহিন হোসেন, মিহির বিশ্বাস, হীরক সরদার প্রমুখ। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপকূলীয় অঞ্চলের নাগরিকেরা অংশ নেন।