সিডরে বিধ্বস্ত সেতুটি মেরামত হয়নি আজও

সিডরের আঘাতে দীর্ঘ সাত বছর ধরে বিধ্বস্ত হয়ে পড়ে আছে বেইলি সেতুটি। কবে ঠিক হবে কেউ জানে না। তাই সেতুর পাশে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ।
পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলার মৌডুবী গ্রামের কাচারী খালের ওপর বেইলি সেতুটি প্রায় ২০ বছর আগে নির্মিত হয়। স্থানীয় লোকজন বলেন, তৎকালীন জেলা পরিষদ সেতুটি নির্মাণ করে। ১৪ মার্চ সরেজমিনে দেখা যায়, কাচারী খালের ওপর মরিচা ধরা বেইলি সেতুটির কাঠামোটি দাঁড়িয়ে আছে শুধু, কোনো পাটাতন নেই। পাশে বাঁশের সাঁকো দিয়ে লোকজন চলাচল করছে।
স্থানীয় লোকজন জানান, বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী বাজারসংলগ্ন কাচারী খালের দুই পারের লোকজনের যাতায়াতের একমাত্র উপায় খালের ওপর ওই সেতু। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে যায় সেটি। খালের দুই পারের ছয় হাজার মানুষ যাতায়াত করত এ সেতু দিয়ে। ফলে বিপাকে পড়ে মৌডুবী, নিজকাটা, বাইলাবুনিয়া, কাজিকান্দা, ভূঁইয়ার হাওলা, তক্তাবুনিয়া, কাটাখালী, তুলাতলি, গাববুনিয়া ও ডিগ্রি—এ ১০ গ্রামের মানুষ।
মৌডুবী বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, মৌডুবী বাজারসংলগ্ন এ সেতু পার হয়ে হাজার হাজার মানুষ বাজারে আসা-যাওয়া করত। কিন্তু সেতু বিধ্বস্ত হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।
এ ছাড়া ওই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়, মৌডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাচারী খাল পার হতে হয়। সাঁকো দিয়ে পার হতে সবচেয়ে বেশি দুর্ভোগ হয় তাদের। মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সোমা ও মুক্তা জানায়, যখন খালে পানি বেশি হয় তখন বেশি ভয় করে পারাপার হতে।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আবদুল্লাহ বলেন, ‘এ সেতুটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের কাছে জানানো হয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, বেইলি সেতুটি অনেক পুরোনো। বর্তমানে এ সেতু মেরামত করা হবে না। তবে ওই স্থানে আরসিসি (পাকা) সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।