সিডরে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা
ঘূর্ণিঝড় সিডরের সময় নিখোঁজ হওয়া শামীমকে (১৭) মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার পুরাতন থানা রোড থেকে শামীমের বাবা খলিলুর রহমান ও মামা মো. নজরুল ইসলাম সরদার তাকে শনাক্ত করে বাড়িতে নিয়ে গেছেন।শামীমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের জানখালী গ্রামে।২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর বাগেরহাট উপকূলে আঘাত হানার সময় ১৩ বছর বয়সী শামীম তার বাবার সঙ্গে সুন্দরবনের দুবলার চর এলাকায় মাছ ধরছিল। ঝড়ের পর খলিলুর রহমানের ট্রলারে থাকা অন্য সাতজন জেলে ফিরে এলেও শামীম নিখোঁজ হয়। খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুর এলাকার এক ব্যক্তি সিডরে নিখোঁজ স্বজনকে খুঁজতে এসে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে শামীমের ছবি তুলে নেন। সেই ছবি দেখে আমি শামীমের খোঁজে মোরেলগঞ্জে আসি।’ পুরাতন থানা রোডের ব্যবসায়ী ফজলুল হক জানান, প্রায় এক মাস আগে মোটরসাইকেলে করে এক ব্যক্তি শামীমকে সেখানে নামিয়ে দিয়ে যান। এর পর থেকে শামীম এলাকায় ঘোরাফেরা করত। সে নিজের নাম-পরিচয়-ঠিকানা বলতে পারত না। আল-আমিন নামের স্থানীয় এক রেস্তোরাঁশ্রমিক শামীমকে থাকার জায়গা দিয়েছিলেন।এই নিয়ে প্রায় দেড় মাসে বাগেরহাট, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন উপকূলীয় উপজেলার হাটবাজার থেকে সিডরে নিখোঁজ অন্তত ১১ ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের স্বজনেরা পেয়েছে। তারা সবাই সিডরের সময় সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল।