ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনার উপকূলীয় সবুজ বেষ্টনীর অর্ধেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর প্রকৃতির স্বাভাবিক নিয়মেই বনটি তার আগের রূপ ফিরে পেতে থাকে। কিন্তু মানুষের লোভের কাছে পরাস্ত হয় প্রকৃতি। চোরাকারবারিরা বনের কাঠ কেটে পাচার করছে স্থানীয় করাতকল, ইটভাটা ও কয়লা কারখানায়। অভিযোগ রয়েছে, বনের গাছ পাচারের সঙ্গে স্থানীয় প্রভাবশালী একটি চক্র, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জড়িত।বরগুনা বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৫ সাল থেকে উপকূলীয় এলাকাকে ঝড়-জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষা করতে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে বন বিভাগ। ২০০১ সাল পর্যন্ত বরগুনা ও পটুয়াখালী জেলার সংযোগ সড়ক, বাঁধসহ বিভিন্ন এলাকায় এই বনায়ন করা হয়। এর মধ্যে বরগুনা জেলায় ৬১১ দশমিক ৫ হেক্টর এবং পটুয়াখালীতে ৩৮৭ হেক্টর জমিতে উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়।অন্যদিকে, বরগুনায় ৬৯৯০ দশমিক ৬৭ হেক্টর আয়তনের সংরক্ষিত বন রয়েছে। এসব বন পাথরঘাটা ও আমতলী রেঞ্জের আওতায় পড়েছে। এ ছাড়া বরগুনা সদর উপজেলায় সামাজিক ও সবুজ বেষ্টনী প্রকল্পের অধীনে বনগুলো নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি রেঞ্জ রয়েছে। বন বিভাগের বরগুনা সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় ৭৬ দশমিক ৫ কিলোমিটার এলাকায় উপকূলীয় বাঁধ ও রাস্তার দুই পাশের জমিতে বনায়ন করা হয়।জানা গেছে, সবুজ বেষ্টনী প্রকল্প স্থানীয়ভাবে তদারকির জন্য উপকারভোগীদের নিয়ে এলাকাভিত্তিক কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের। অভিযোগ আছে, এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন সময় বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে বনের গাছ কেটে উজাড় করে ফেলছেন।সদর উপজেলার চালিতাতলী-গোলবুনিয়া লঞ্চঘাট এলাকার সবুজ বেষ্টনী প্রকল্প এলাকায় দেখা গেছে, এ প্রকল্পের অধীনে বাঁধের দুই পাশের বনায়নের গাছ কেটে ফেলা হয়েছে। পড়ে আছে গাছের গোড়া। রাতের আঁধারে এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে আসছেন।ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, চালিতাতলী-গোলবুনিয়া এলাকার সবুজ বেষ্টনী প্রকল্পের উপকারভোগী কমিটির সভাপতি কাদের গাজী গাছ কাটার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এসব কাজে পরোক্ষভাবে সহায়তা দিচ্ছেন বন বিভাগের বরগুনা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। স্থানীয় মানুষের অভিযোগ, গাছ কেটে নেওয়ার ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেই তাঁদের দায়িত্ব শেষ করেন। ফলে অবাধে প্রভাবশালী ব্যক্তিরা গাছ কেটে স্থানীয় করাতকল ও বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছেন।গত ১৭ অক্টোবর দুপুরে চালিতাতলী-গোলবুনিয়া লঞ্চঘাট এলাকার সবুজ বেষ্টনীর চুরি যাওয়া ২০টি গাছ চালিতাতলী বাজারসংলগ্ন সেকান্দার আলীর করাতকল থেকে উদ্ধার করেন এলাকাবাসী। পরে বন বিভাগের কর্মী মঞ্জুরুল ইসলাম গাছগুলো জব্দ করে ইদ্রিসুল ইসলাম নামের এক ব্যক্তির জিম্মায় রেখে আসেন। পরবর্তী সময়ে বন বিভাগের কর্মীরা দাবি করেন, ওই গাছ ২০০৯ সালের ৩০ নভেম্বর রাতে আটক করা হয়েছিল এবং সবুজ বেষ্টনী প্রকল্প কমিটির স্থানীয় সভাপতি কাদের গাজীর জিম্মায় রাখা হয়েছিল। বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ‘ওই গাছ আগে উদ্ধার করা গাছ নয়। বন বিভাগের লোকজন এই অপকর্মের সঙ্গে জড়িত থাকায় এখন বলছে এগুলো আগে উদ্ধার করা। এসব অনিয়মের ব্যাপারে উপজেলা পরিষদের সভায় অভিযোগ করেছি।’ চালিতাতলী এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘সবুজ বেষ্টনী আমাদের দুর্যোগের হাত থেকে রক্ষা করে। বন বিভাগের লোকজন এসব বন রক্ষায় চরম উদাসীন।’বন বিভাগের বরগুনা সদর রেঞ্জের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সিডরে সবুজ বেষ্টনী প্রকল্পের গড়ে ৫১ শতাংশ গাছের ক্ষয়ক্ষতি হয়। তিনি গাছ চোরদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা যথাসাধ্য চেষ্টা করি বন রক্ষার জন্য। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’