সিডি-৪ পরীক্ষার জন্য ঢাকায় এইডস রোগীদের ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস আক্রান্ত রোগীদের সিডি-৪ পরীক্ষার জন্য প্রতিনিয়ত ঢাকায় ছুটতে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিডি-৪ পরীক্ষার যন্ত্রটি এক বছর ধরে বিকল থাকায় রোগীদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে আশার আলো সোসাইটি এবং হোপ কেয়ার সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান এইচআইভি এইডস রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানে প্রায় ৫০০ রোগী রয়েছে। সব রোগীর ছয় মাস পরপর সিডি-৪ পরীক্ষা দরকার হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিডি-৪-এর সংখ্যা জানার পরই কোনো ব্যক্তিকে এইডসের ওষুধ দেওয়া হয়। ওষুধের মাত্রাও নির্ভর করে ওই সংখ্যার ওপর। সিডি-৪ হচ্ছে রক্তের একধরনের শ্বেতকণিকা (লিম্ফোসাইট)। এই কণিকা রোগ প্রতিরোধ করে। এক কিউবিক মিলিমিটার রক্তে ৭০০ থেকে ১২০০ সিডি-৪ থাকে। এইচআইভি সংক্রমিত ব্যক্তির নিয়মিত সিডি-৪-এর সংখ্যা জানা দরকার হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সিডি-৪ যন্ত্রটি এক বছর আগে নষ্ট হয়ে যায়। এর পর থেকে পরীক্ষাটি এখানে করা সম্ভব হচ্ছে না। তিন বছর আগে বসানো যন্ত্রটির বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং একটি যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। ভারতের একটি প্রতিষ্ঠান থেকে যন্ত্রটি নেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট ট্রেডওয়ার্ড মাসখানেক আগে এটি দেখে গেছে।
জানতে চাইলে মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান খান মাশরেকুল আলম বলেন, ‘মেশিনটির পাওয়ার সাপ্লাই এবং একটি পার্টস নষ্ট হয়ে গেছে। গত মাসে সরবরাহকারীর পক্ষে লোকজন এসে দেখে গেছে। ওই পার্টস নাকি এখন ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে নেই। আমরা এটি চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। রোগীদের জন্য এটি খুবই দরকার।’
হোপ কেয়ার সেন্টারের কর্ণধার এইডস রোগ বিশেষজ্ঞ এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, এইচআইভি সংক্রমিত ব্যক্তির এবং এইডস রোগী উভয়েরই সিডি-৪ নিয়মিত জানা দরকার। এটা পরিমাপ করে এইডসের ওষুধ (অ্যান্টিরেট্রোভাইরাল বা এআরভি) দিতে হয়। আবার এআরভি কাজ করছে কিনা মাত্রা কেমন হবে, সেটিও এই পরীক্ষার মাধ্যমে জানা যায়।’
সিরাজুল ইসলাম আরও বলেন, এক বছর ধরে চট্টগ্রামে এই পরীক্ষাটি করা যাচ্ছে না। মেশিনটি বিকল হয়ে রয়েছে। রোগীদের এখন ঢাকায় দৌড়াতে হচ্ছে।
গেল মাসে ঢাকায় সিডি-৪ পরীক্ষা করতে গিয়ে বিড়ম্বনার কথা জানালেন চট্টগ্রামের এক এইচআইভি রোগী। বাসে যেতে সময় লেগেছে ১০ ঘণ্টা। এর পর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যেতে যেতে সময় পার হয়ে যায়। আবার এক দিন অপেক্ষা করে ওই পরীক্ষা করতে হয়েছে।