সিডিএ চেয়ারম্যানকে এক পদ ছাড়ার তাগাদা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামকে সরকারি কিংবা দলীয় পদের মধ্যে যেকোনো একটি পদ ছাড়তে তাগাদা দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার রাতে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এই তাগাদা দেওয়া হয়।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তাঁর চশমা হিলের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের এ তাগাদা নাকচ করে দেন। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সিডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমি দলীয় কর্মসূচি পালন করে আসছি। ১৯ মাস পর এ নিয়ে কেন প্রশ্ন উঠেছে, তা আমার বোধগম্য নয়। প্রধানমন্ত্রী জেনেশুনেই আমাকে সিডিএতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। চুক্তিতে এমন কোনো শর্ত ছিল না যে আমাকে নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদকের পদ ছেড়ে দিতে হবে।’দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে গত রোববার রাতে নগর আওয়ামী লীগের সভায় ৫৩ জন নেতা উপস্থিত ছিলেন। যদিও নগর আওয়ামী লীগের অনুমোদিত সদস্যসংখ্যা ২৭, যাঁদের মধ্যে দুজন মারা গেছেন। বৈঠকে উপস্থিত নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিক আদনান প্রথম আলোকে বলেন, সরকারি পদে থাকলে দলীয় পদ থেকে অব্যাহতি নিতে হয়। সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম দলীয় ও সরকারি পদে আছেন।ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন আরেকজন নেতা বলেন, প্রচলিত আইনে সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, বিশেষ করে সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না, যা অনৈতিক এবং বেআইনি। জানা গেছে, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেরও অর্থ সম্পাদক। মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে ২০০৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ওই বছর তাঁকে অর্থ সম্পাদক করা হয়। ২০০৮ সালে তিনি সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আবদুচ ছালামের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এরপর ছালাম নগর আওয়ামী লীগের সহসভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফছারুল আমিন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ কারণে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নেতারা ছালামকে দলীয় কিংবা সরকারি, যেকোনো একটি পদ ছেড়ে দিতে চেষ্টা চালাচ্ছেন।