সিডিএর অনুমোদন নিয়ে দিঘিতে ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোরবানিগঞ্জের বলুয়ার দিঘির একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে ছয়তলা একটি ভবন। মালিকপক্ষ দাবি করেছে, ভবনটি নির্মাণের আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে নকশা অনুমোদন করা হয়েছে।সরেজমিন দেখা যায়, বলুয়ার দিঘির পাড়ে গড়ে উঠেছে ‘আইকন টাওয়ার’ নামের একটি ভবন। ভবনটির একাংশ দিঘির ভেতরে। আইকন টাওয়ারের মালিক সাবের আহমদ ও সাব্বির আহমেদ নামের দুই ব্যক্তিসহ তাঁদের ভাইয়েরা।এ প্রসঙ্গে জানতে চাইলে সাবের আহমদ প্রথম আলোকে বলেন, ‘এটা মূলত দেখাশোনা করছেন আমার বড় ভাই সাব্বির আহমদ। আমরা ভাইয়েরা মিলে এই ভবন করেছি।’ ভবনের কিছু অংশ পানিতে পড়েছে স্বীকার করে সাব্বির আহমদ বলেন, ‘সিডিএ, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার যাবতীয় নিয়মকানুন মেনেই আমরা ভবন তুলেছি। এখানে কিছু অংশ পানিতে থাকলেও সরকারি সব শর্ত আমরা মেনেছি। আর এখানে শুধু আমরা দিঘি দখল করিনি। আরও অনেকে দিঘি দখল করেছে।’নকশা অনুমোদন প্রসঙ্গে জানতে চাইলে সিডিএর অথরাইজড অফিসার এ জি এম সেলিম বলেন, ‘বিষয়টি আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি লোক পাঠিয়ে দেখব। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘ওই ভবনের মালিককে আমরা নোটিশ দিয়েছি। সিডিএ যদি পরিবেশ সনদ আছে কি না, তা দেখে নকশা অনুমোদন করত, তা হলে ভালো হতো।’স্থানীয় সূত্র জানায়, দিঘিটির মালিক প্রায় ৩০ জন। চারদিক থেকে ঐতিহ্যবাহী দিঘিটিকে দখল করে নিচ্ছে দখলদারেরা।সরেজমিনে দেখা যায়, দিঘির পানির অংশ দখল করে একটি টিনশেড ঘর তোলা হয়েছে। দিঘির পূর্ব পাড়ের ঘাটের ডান পাশে বাঁশ ও গাছের খুঁটি গেড়ে ময়লা ফেলে ভরাট করা হচ্ছে কিছু অংশ। আর পূর্ব পাড়ের প্রতিটি দোকানের পেছনে দিঘির পানিতে মাটি কিংবা ময়লা-আবর্জনা ফেলে আস্তে আস্তে পেছনের অংশ বাড়ানো হচ্ছে।সরেজমিন দেখা গেছে, পশ্চিম পাড়ে পানির ওপর বাঁশ ও টিনের শেড দিয়ে ইতিমধ্যে একটি কক্ষ তৈরি করা হয়েছে। এখন ওই কক্ষের নিচে দিঘির পানিতে মাটি ফেলা হচ্ছে। কোরবানিগঞ্জ সচেতন নাগরিক সমাজ পরিষদ নামের একটি সংগঠন দিঘি রক্ষায় আন্দোলন করে যাচ্ছে। এই সংগঠনের সভাপতি আমান উল্লাহ। দিঘির পূর্ব পাড়ে তাঁদের একটি ভবন ছিল। সেটির সামান্য অংশও দিঘি দখল করে গড়া বলে অভিযোগ রয়েছে। পরে অবশ্য তাঁরা ভবনটি বিক্রি করে দিয়েছেন।জানতে চাইলে আমান উল্লাহ বলেন, ‘আমরা দিঘির এক ইঞ্চিও দখল করিনি। যদি আরএস দাগ অনুযায়ী এখন হিসাব করা হয়, তা হলে দিঘির পাড়ের প্রতিটি স্থাপনা ভাঙতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখন এখানে দখলের মহোৎসব চলছে। দিঘির ওপর ভবন উঠছে। আমরা সিডিএতে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না।’আমান উল্লাহ বলেন, গত ৪০ বছরে দিঘিটির প্রায় ৬০ শতক পানির অংশ চলে গেছে ভূমিদস্যুদের দখলে। বর্তমানে অবশিষ্ট রয়েছে আনুমানিক ২০০ শতকের মতো।