চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রথম উড়ালসড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বা তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানানো হয়নি। এর মাধ্যমে নগর আওয়ামী লীগে প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষের বিরোধ আবার প্রকাশ্যে রূপ নিল। গত শুক্রবার নগরের বহদ্দারহাট মোড়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। জানা গেছে, অনুষ্ঠানে মহিউদ্দিনের বিপক্ষের বলে পরিচিত দলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসিকে বিশেষ অতিথি করা হয়। প্রধান অতিথি করা হয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনকে। তবে মহিউদ্দিন, তাঁর পক্ষের হিসেবে পরিচিত দলীয় সাংসদ এম এ লতিফ, দলের নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আ জ ম নাছির উদ্দীনসহ অন্যদের আমন্ত্রণ জানানো হয়নি। আগে বিভিন্ন ধারা-উপধারা থাকলেও সম্প্রতি নগর আওয়ামী লীগের পৃথক সমাবেশের মাধ্যমে দুটি পক্ষ আত্মপ্রকাশ করে। উড়ালসড়কের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে নগর কমিটির সভাপতি মহিউদ্দিনকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি স্বীকার করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য না করে তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিতে অসভ্যতা, দুর্নীতি আর লাঠিখেলার দিন শেষ হয়ে গেছে। চট্টগ্রামের আওয়ামী লীগে এখন দুটি পক্ষ সক্রিয়, একটি শান্তি আর উন্নয়নের পক্ষে, অন্যটি সন্ত্রাস ও দুর্নীতির পক্ষে।’নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এখন সেখানে আবার কিসের অনুষ্ঠান? চট্টগ্রামে প্রধানমন্ত্রীর চেয়ে বড় কেউ আছেন নাকি?’ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলে বাবাকে অস্বীকার করলে কী করার আছে। তাই বলে কি বাবা ছেলেকে অভিশাপ দিতে পারে?’জানা গেছে, গত ২ জানুয়ারি উড়ালসেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আফছারুল আমীন বলেন, চট্টগ্রামে শত শত কোটি টাকার উন্নয়নকাজ শুরু হয়েছে। ভবিষ্যতেও সিডিএ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে শত শত কোটি টাকার উন্নয়নকাজ হবে। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম কারও নাম উল্লেখ না করে বলেন, ‘অতীতে অনেক নেতা চট্টগ্রামের উন্নয়নের নামে অনেক চিৎকার করেছিলেন। জনগণকে অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি।’