সিডিএর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত নগরের চান্দগাঁও আবাসিক এলাকার আবাসিক ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে ১০ জন ভবনমালিক এবং ২০ জন ভাড়াটেকে নোটিশ দিয়েছেন। তাঁদের মধ্যে ২৯ জনকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে তিন মাস সময় দেওয়া হয়েছে। একজন ভবনমালিককে দেওয়া হয়েছে সাত দিন। এ ছাড়া আরও তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার এই অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসাইন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম