সিডিএর একগুচ্ছ প্রকল্প ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রাম সফরে আসছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পাঁচ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরও উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম আউটার রিং রোড এবং ১৭২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা ট্রাংক রোড ও বায়েজিদ সড়কের মধ্যে লুপ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর ২ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়া ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কদমতলী উড়ালসড়ক, ৪৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে।
সিডিএ সূত্র জানায়, অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে। এই সড়কের শেষ প্রান্তে কুয়াইশ এলাকায় বঙ্গবন্ধুর সবচেয়ে উঁচু ম্যুরাল স্থাপন করা হবে।
পুলিশ ও চেম্বার সূত্র জানায়, কুয়াইশ এলাকায় সিডিএর একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটায় আগ্রাবাদে যাবেন। সেখানে চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উঁচু ভবন। ভূমি থেকে ১০ তলা পর্যন্ত ওয়ার্ল্ড সেন্টারে বাণিজ্যিক কার্যালয় এবং ওয়ার্ল্ড সেন্টারের দপ্তর থাকবে। ১১ থেকে ২৪ তলা পর্যন্ত থাকবে হোটেল। তিনি বলেন, ‘এই ভবনে সুইমিংপুল, টেনিস কোর্ট, হলরুমসহ সব ধরনের সুবিধা আছে। ভবনের ছাদে রয়েছে হেলিপ্যাড।’