চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের গার্ডার ধসে ১২ জন নিহত হলেও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ঘটনাস্থলে যাননি। গতকাল মঙ্গলবার সেনাবাহিনী সেখানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। ঘটনাস্থলে চেয়ারম্যানের না যাওয়া নিয়ে নগরবাসীর মধ্যে নানা আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, জনরোষ থেকে বাঁচতেই আবদুচ ছালাম দুর্ঘটনাস্থল বহদ্দারহাট জংশনে যাননি। নাম প্রকাশ না করে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘আবদুচ ছালাম চট্টগ্রাম নগর উন্নয়নে ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন। বহদ্দারহাটের উড়ালসড়কের গার্ডার ধসের ঘটনায় তাঁর সব অর্জন ভেস্তে গেছে। কিন্তু দুর্ঘটনার পর তাঁর ঘটনাস্থলে যাওয়া উচিত ছিল। তিনি যাননি। রাজনীতিবিদেরা সাহসী না হলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।’ সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি কী করেছি তা নগরবাসী একদিন উপলব্ধি করবে। তবে গার্ডার ধসের ঘটনায় আমি মর্মাহত। আমি নিজেও বিশ্বাস করি, এতে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর আমি বহদ্দারহাটের দিকে ছুটে যাই। কিন্তু লোকজনের ভিড় ও ভাঙচুরের কারণে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাতে পারিনি।’