সিডিএর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের তিনটি গার্ডার ধসে হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামসহ ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে মামলাটি করেন ‘বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের মহাসচিব যাদব চন্দ্র শীল।মামলার অন্য আসামিরা হলেন: সিডিএর প্রধান প্রকৌশলী নাছির উদ্দিন মাহমুদ চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠান পারিসা লিমিটেডের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা জাহাঙ্গীর সাত্তারের স্ত্রী খুজেস্তা ই নূর ই নাহারিন মুন্নী, উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার-পারিসার ব্যবস্থাপনা পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।আদালত সূত্র জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলা ও উড়ালসড়ক নির্মাণে নিয়ম না মানার অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। আদালত মামলাটি গ্রহণ করে নগরের চান্দগাঁও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। বিবাদীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮৮, ২৮৯, ৩০৪(ক), ৩৩৬, ৩৩৭, ৩৩৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গত শনিবার রাতে বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এতে ১২ জন নিহত ও ২০ জন আহত হন।মামলার আরজিতে বলা হয়, ‘গার্ডার ভেঙে প্রাণহানির ঘটনা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ, যা আসামিদের দ্বারা সংঘটিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের যে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতার দরকার ছিল, তার কোনোটাই ওই প্রতিষ্ঠানগুলোর ছিল না।’আরজিতে অভিযোগ করা হয়, ‘১ নম্বর আসামি (আবদুচ ছালাম) কোনো যাচাই-বাছাই না করে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে স্বজনপ্রীতির মাধ্যমে কাজ দিয়েছেন। বেশি আর্থিক লাভের উদ্দেশ্যে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করাই এই বীভৎস হত্যাকাণ্ডের মূল কারণ।’