সিডিএর ঝুঁকির তালিকায় নেই মেডিকেল কর্মচারীদের ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে মাঝে খসে পড়ছে পলেস্তারা। জোরে হাঁটলেই যেন কেঁপে ওঠে পুরো ভবন। খসে পড়ছে ইটের অংশ। শেওলা আর লোনা ধরা দেয়াল ফুঁড়ে হাঁ হয়ে আছে ইট আর চিকন রড। কোনো কোনো তলার কিছু অংশ দেবেও গেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছে ৫৬টি পরিবার। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভবনের চিত্র এটি। নগরের গোয়াছিবাগান এলাকায় এ রকম পাঁচটি ভবন রয়েছে। প্রতিটি তিন তলাবিশিষ্ট এসব ভবন ঝুঁকিপূর্ণ হলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) করা ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পায়নি। গণপূর্ত বিভাগ দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়নি।

জানা গেছে, চমেক হাসপাতাল প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে কর্মচারীদের জন্য এই ভবনগুলো নির্মিত হয়েছিল। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ভবন নির্মিত হয়। এর দেখভালও গণপূর্ত বিভাগের ওপর। দুই বছর আগেই তারা ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর পর জোড়াতালি দিয়ে সংস্কারকাজ চালিয়ে যাচ্ছিল।

গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবু তাহের বলেন, ‘২০১২ সালে আমরা ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু নতুন ভবন নেই। তাই এগুলোতে টুকটাক মেরামতকাজ করা হচ্ছিল।’

সরেজমিন দেখা গেছে, প্রতিটি ভবনের বাসায় ঢুকতে হয় বারান্দা দিয়ে। কিন্তু বারান্দাগুলোতে এত দিন কোনো পিলার ও কলাম ছিল না। গণপূর্ত দপ্তর সম্প্রতি নয় লাখ টাকা ব্যয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দাগুলোতে পিলার নির্মাণ করার কাজে হাত দেয়।

ভবনের বাসিন্দা সুমন দাশ জানান, ‘আমাদের ভবনের একটি মেঝে চার ইঞ্চি দেবে গেছে। এ ছাড়া পলেস্তারা খসে পড়ে প্রতিনিয়ত। কিছুদিন আগে পলেস্তারা খসে একজনের মাথায়ও পড়েছে।’

গতকাল বারান্দা ধসে পড়ার পর গিয়ে সিডিএ কর্মকর্তারাও বলছেন এগুলো ঝুঁকিপূর্ণ। কিন্তু কয়েক বছর আগে সিডিএর করা ৬০ ঝুঁকিপূর্ণ ভবনের তালিকার করার সময় এই ভবনগুলো কীভাবে চোখ এড়িয়ে গেল, তা বোধগম্য নয় বাসিন্দাদের কাছে।

এ বিষয়ে জানতে চাইলে সিডিএর নগর পরিকল্পনাবিদ মো. সরওয়ার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনগুলো। আমাদের তালিকায় নেই। আসলে এদিকে কোনো সময় আসা হয়নি। এ ছাড়া আমাদের তালিকার বাইরেও অনেক ভবন থাকতে পারে। এই ভবনগুলো যেহেতু গণপূর্তের, তাই তাদের বলে দিয়েছি ভবন খালি করতে।’

পাঁচটি ভবনের ৫৬টি পরিবারে প্রায় ৪০০ লোক বসবাস করে। ভবনের ঝুঁকির কথা তারা মেডিকেল কর্তৃপক্ষকেও মৌখিকভাবে জানিয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ভবনগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা নতুন ভবন করার জন্য কোনো বরাদ্দ পাচ্ছি না। তাই সমস্যা হয়ে গেছে। এখন জরুরি ভিত্তিতে কিছু করতে হবে।’