সিডিএর দাপট, কোণঠাসা চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন কোণঠাসা হয়ে পড়েছে৷ সরকার উন্নয়নকাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে।
এই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সচেতন নগরবাসী বলছেন, কারণটি শুধুই রাজনৈতিক। সিডিএর চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আর মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম সরকারি দলের নেতা হওয়ায় এর প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে৷ গত পাঁচ বছরে সিডিএ দুই হাজার কোটি টাকার ৩২টি প্রকল্পের কাজ শেষ করেছে বা করার পথে। এ বছরের শেষ দিকে দুই হাজার ৪০০ কোটি টাকার আরও তিনটি বড় প্রকল্পের কাজ শুরু হবে। পরিসংখ্যান বলছে, সিডিএর চেয়ারম্যান তাঁর পাঁচ বছরের মেয়াদে চার হাজার ৪০০ কোটি টাকার ৩৫টি প্রকল্পের বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে অবশ্য সিডিএর নিজস্ব কিছু অর্থ রয়েছে।
তবে মেয়র মন্জুর আলম তাঁর চার বছরের মেয়াদে সরকারের কাছ থেকে পেয়েছেন মাত্র ৩১৩ কোটি টাকা। এই টাকার মধ্যে রয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্প, থোক বরাদ্দ এবং সরকারি অনুদান। একদিকে বরাদ্দ কম, অন্যদিকে নিজস্ব আয় বাড়াতে না পেরে স্থবির হয়ে পড়ছে সিটি করপোরেশন৷
গুরুত্বপূর্ণ প্রকল্প পায় না সিটি করপোরেশন: চট্টগ্রাম নগরের ১ নম্বর সমস্যা জলাবদ্ধতা। ১৯৯৫ সালে ২০ বছর মেয়াদি ড্রেনেজ মহাপরিকল্পনা নেওয়া হয় জলাবদ্ধতা নিরসনে। এর প্রাক্কলিত ব্যয় এক হাজার কোটি টাকা।
বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছেন। ওই মহাপরিকল্পনার ২০ বছর পূর্ণ হতে এক বছর বাকি, কিন্তু বাস্তবায়ন দূরে থাক, মহাপরিকল্পনাটি আজও ফাইলবন্দী।
সিটি মেয়র চেষ্টা করেন ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরের বহদ্দারহাটের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খনন করতে। গত তিন বছরের চেষ্টায় এই প্রকল্প প্রস্তাবটি সবেমাত্র জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উত্থাপনের জন্য প্রস্তুত হয়েছে। একদিকে বড় কাজ করার মতো সরকারি সহায়তা বা অনুদান মেয়র আনতে পারছেন না৷ অন্যদিকে জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনার কারণে নগরবাসী বিরক্ত হচ্ছেন। গত রোববার এক দিনের বৃষ্টিতে শহরের প্রধান সড়কে এলাকাভেদে বুকসমান, কোমরসমান বা হাঁটুসমান পানি হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে এ দুটি প্রকল্পের টাকা না থাকলেও সিডিএ ৭২৮ কোটি টাকায় চারটি উড়ালসড়কের অনুমোদন নিয়ে দুটির নির্মাণকাজ শেষ করেছে৷ একটির নির্মাণকাজ শেষের পথে, আরেকটির কাজ এ বছরের শেষ দিকে শুরু হবে। এসব উড়ালসড়কের যৌক্তিকতা ও গুরুত্ব নিয়ে নগর বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
এসব দৃষ্টান্ত ও বৈষম্য তুলে ধরে সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা জানান, সিডিএর প্রকল্প অনুমোদন হয় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায়৷ সিটি করপোরেশনের প্রকল্প নিচ থেকে ওপরে উঠতে উঠতে গতি হারিয়ে ফেলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অবহেলিত ছিল। যেকোনো মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নকে স্বাগত জানাই। তবে নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নতুন খাল খননের বিকল্প নেই।’
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সমর্থন আমাকে দুঃসাহসী করে তুলেছে।’
দুই কর্তৃপক্ষের দ্বন্দ্ব: দুই প্রতিষ্ঠানের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সিডিএর চেয়ারম্যান ও সিটি মেয়রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জের ধরে বিভিন্ন কাজকর্মে সমন্বয়হীনতা চলছে। চেয়ারম্যান সরকারি দলের নেতা হওয়ায় অনুমতি ছাড়াই সিটি করপোরেশনের রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের মতো কাজগুলো করছেন।
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে। উন্নয়ন প্রকল্পের কাজ করার সময় সিডিএ যদি সমন্বয় করে নিত, তাহলে বিষয়টি সুন্দর হতো।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের কিছু প্রকল্প আটকে দিচ্ছে সিডিএ। প্রায় চার বছর আটকে রাখার পর সম্প্রতি নগরভবনের কাজ শুরুর অনুমতি দেওয়া হয়। সিটি করপোরেশনের লেকসিটি আবাসন প্রকল্প ও বহদ্দারহাটের বিপণিবিতান প্রকল্পও আটকে দিয়েছে সিডিএ। তবে সিডিএর চেয়ারম্যান বলেন, লেকসিটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ করা হয়নি, শর্ত মেনে করতে বলা হয়েছে। আর বিপণিবিতানের কাজ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে।
সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন, দুই কর্তৃপক্ষের সমন্বয় নেই৷ এর নেতিবাচক প্রভাব পড়ছে নগর উন্নয়নের ওপর। সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব বলেন, আগে যেসব উন্নয়ন প্রকল্প আসত করপোরেশনে, এখন সেগুলো আসে সিডিএর কাছে।
করপোরেশনের কাজ কমেছে: সিডিএর দাপটে সিটি করপোরেশনের কাজ কমে গেছে। সম্প্রতি সরেজমিন করপোরেশন ভবনে গিয়ে দেখা যায়, হিসাব, প্রকৌশল ও শিক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিদের বেশির ভাগই গল্পগুজব করে সময় কাটাচ্ছেন। দু-একজন ছাড়া কারও হাতে কাজ নেই।
১৯৮৮ সালের জনবলকাঠামো অনুযায়ী, সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা তিন হাজার ২০০ জন। কিন্তু আগের মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়েই তা বেড়ে হয় প্রায় সাড়ে ছয় হাজার। বর্তমান মেয়রের সময়ে জনবল খুব একটা বাড়েনি৷ তবে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পটি শেষ হওয়ায় এর ৫৭০ জন কর্মীর অনেককেই বসিয়ে বেতন দিচ্ছে করপোরেশন।
করপোরেশনের অন্যান্য বিভাগে বাড়তি জনবল থাকলেও পরিচ্ছন্নতা বিভাগে রয়েছে জনবলসংকট। প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রায় ৬০ লাখ নগরবাসীর জন্য অন্তত পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মী দরকার৷ কিন্তু আছে এক হাজার ৯১৪ জন।
তিন দায়িত্বে সিডিএ চেয়ারম্যান: সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম সরকারি দায়িত্ব পালন করলেও দলীয় পদ ছাড়েননি। ওয়েল গ্রুপের চেয়ারম্যান তিনি৷ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৭৭৯ এর ২৫(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। আর বিধিমালার ১৭(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যবসায় জড়িত থাকতে পারবেন না।
সরকারি পদে থাকা সত্ত্বেও দলীয় পদে থাকা প্রসঙ্গে আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় রেখেছি।’ ৮ মে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এখন আর ওয়েল গ্রুপের চেয়ারম্যান নন বলে দাবি করেন৷ তবে ওই দিনই ওয়েল গ্রুপের ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের নাম দেখা যায়।
ইতিমধ্যে তিন দফায় পাঁচ বছর মেয়াদ পার করেছেন আবদুচ ছালাম। গত ২২ এপ্রিল চতুর্থবারের মতো এক বছরের নিয়োগ পাওয়ায় তাঁর ছয় বছরের যাত্রা শুরু হলো। যদিও সিডিএ অধ্যাদেশ অনুযায়ী, পাঁচ বছরের বেশি কেউ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না। এ প্রসঙ্গে ছালাম বলেন, তাঁর নিয়োগে নিয়ম লঙ্ঘন হয়নি।
সিডিএ প্রতিষ্ঠার পর এই প্রথম একজন রাজনৈতিক নেতা এ পদে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে আবদুচ ছালাম বলেন, ‘এত দিন ধারণা ছিল, নকশা অনুমোদন, আবাসন প্রকল্প ও বিপণিবিতান নির্মাণ করাই সিডিএর কাজ। কিন্তু আসল কাজ কী তা করে দেখানোর চেষ্টা করছি। আমার পর চেয়ারম্যান হিসেবে সামরিক-বেসামরিক যাঁরাই আসবেন, তাঁদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হবে।’