সিডিএর মাসব্যাপী গণসচেতনতা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ‘ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত চট্টগ্রাম নগর’ গড়ার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি এবং সবাইকে উদ্বুদ্ধ করতে আগামীকাল শুক্রবার থেকে শুরু করছে মাসব্যাপী গণসচেতনতা কার্যক্রম। এ সময়ে বিভিন্ন বিষয়ে সেমিনার ও প্রশিক্ষণের পাশাপাশি নগরের সব ওয়ার্ড, থানা ও স্কুলে গণসচেতনতা কার্যক্রম পরিচালিত হবে।
গতকাল বুধবার সকালে সিডিএ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য মফিজুর রহমান ও ইউনুস গণি চৌধুরী এবং সচিব তাহেরা ফেরদৌস বেগম।
মতবিনিময় সভায় সিডিএর চেয়ারম্যান গণসচেতনতা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘অতি সম্প্রতি ঢাকার রানা প্লাজার দুর্ঘটনা আমাদের জন্য এক বেদনাদায়ক ও তিক্ত অভিজ্ঞতা। এ দুর্ঘটনায় দেশ-বিদেশে বাংলাদেশের নির্মাণশিল্প ও পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ উপলব্ধির আলোকে দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে ‘ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত নগর’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইমারত নির্মাণ বিধিমালা এবং ডিটেইল এরিয়া প্ল্যান, ভূমিকম্পে সহনীয় ইমারত নির্মাণসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পেশাজীবী ও জনসাধারণকে জানানো প্রয়োজন মনে করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।