সিডিবিএলে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গতকাল বুধবার শেয়ার লেনদেন নিষ্পত্তিতে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। রাজধানীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে কয়েকটি এলাকায় ঝুলন্ত তার কেটে ফেলার পর থেকে দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে গতকাল সিডিবিএলের ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে দেখা দেয় বিপর্যয়ের আশঙ্কা।সিডিবিএল কর্তৃপক্ষ বলছে, কোনো কারণে লেনদেন নিষ্পত্তি না হলে দেশের শেয়ারবাজার বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। গতকাল লেনদেনের পরিমাণ কম হওয়ায় সরাসরি নিষ্পত্তির মাধ্যমে এ বিপর্যয় হয়তো সামাল দেওয়া যাবে। কিন্তু ভবিষ্যতের জন্য এ ঘটনা একটা হুমকি হয়ে থাকবে। তাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিডিবিএলের ইন্টারনেট সংযোগ যাতে নিরবচ্ছিন্ন থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।সিডিবিএল স্বয়ংক্রিয় বা ইলেকট্রনিকস পদ্ধতিতে শেয়ারের লেনদেন ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের তথ্য সংরক্ষণ করে। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই শেয়ার লেনদেন নিষ্পত্তি হয়ে থাকে।রাজধানীর কারওয়ান বাজারে সিডিবিএলের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তখন পর্যন্ত ২০০টিরও বেশি ডিপোজিটরি অংশীদার বা ডিপির (ইলেকট্রনিকস শেয়ার লেনদেনের জন্য অনুমোদিত প্রতিষ্ঠান) মাধ্যমে লেনদেন হওয়া শেয়ার নিষ্পত্তি হয়নি। কিছু কিছু ডিপি টেলিফোনে ডায়াল-আপ ইন্টারনেট লাইনে লেনদেন নিষ্পত্তি করলেও টেলিফোন-স্বল্পতার কারণে বাকিরা তা পারেনি। এ কারণে অনেক ডিপি বা ব্রোকারেজ হাউস সরাসরি সিডিবিএল কার্যালয়ে কম্পিউটার নিয়ে এসে লেনদেন নিষ্পত্তি করে। এ সময় সিডিবিএলে ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের ভিড় জমে যায়। সেখানে ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউস কাইয়ুম সিকিউরিটিজের প্রতিনিধি বিপ্লব প্রথম আলোকে বলেন, ‘সিডিবিএল হওয়ার পর থেকে সব সময় স্বয়ংক্রিয়ভাবেই লেনদেন নিষ্পত্তি হতো। কিন্তু আজ সারা দিন সিডিবিএলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। তাই বাধ্য হয়ে কম্পিউটার সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে।’সিডিবিএল কর্তৃপক্ষ জানায়, কারওয়ান বাজারে প্রধান কার্যালয় ও তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে সংরক্ষিত দুটি সার্ভারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যাবতীয় লেনদেনের তথ্য সংরক্ষিত থাকে। বেসরকারি চারটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সংস্থাটি ইন্টারনেট-সেবা নিয়ে থাকে। প্রতিষ্ঠানগুলো হলো টেলনেট, মেট্রোনেট, ঢাকা কম ও লিঙ্ক-থ্রি। এর মধ্যে টেলনেট ও ঢাকা কমের সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সিডিবিএলের চারটি মূল সংযোগ অকার্যকর হয়ে পড়ে। অবশ্য রাত সাড়ে আটটার দিকে টেলনেট সংযোগ চালু করতে সক্ষম হয়।সিডিবিএলের প্রধান আর্থিক কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ স্থাপন, লেনদেন নিষ্পত্তির পাশাপাশি তথ্য পেয়ে থাকি। যদি কোনো কারণে এ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তা বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’