সিতারা পারভীন গবেষণা বৃত্তি পেলেন কামরুন্নাহার
অধ্যাপক সিতারা পারভীন গবেষণা বৃত্তির জন্য মনোনীত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর সাংবাদিক কামরুন্নাহার। তিনি বাংলাদেশের সংবাদপত্রের প্রচারসংখ্যা (সার্কুলেশন) বিষয়ে গবেষণা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে এ বছরই প্রথম ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা ও গবেষণা বৃত্তি’ কার্যক্রম প্রবর্তিত হলো। গণমাধ্যমে কাজ করছেন এমন সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন স্তরে যাচাই-বাছাইয়ের পর বিশ্ববিদ্যালয় কামরুন্নাহারকে প্রথম সিতারা পারভীন ফেলো হিসেবে মনোনয়ন দেয়। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে তাঁর মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সই করা হয়। গত বছরের ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রথম আলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর আওতায় প্রতিবছর একজন গবেষক গণমাধ্যম বিষয়ে মৌলিক গবেষণা করবেন। আর সার্কভুক্ত দেশ থেকে একজন স্বনামধন্য ব্যক্তি স্মারক বক্তৃতা দেবেন। সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীন বলেন, অধ্যাপক সিতারা পারভীন নারীদের বিভিন্ন বিষয়ে খুব জোর দিতেন। প্রথম ফেলো একজন নারী, এটাও একটা উল্লেখযোগ্য দিক। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সাংবাদিকতার সামগ্রিক উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি জানান, গবেষণাটি মানসম্পন্ন হলে প্রথম আলো তা ছাপানোর উদ্যোগ নেবে।বৃত্তিপ্রাপ্ত ছাত্রী কামরুন্নাহার সবাইকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা চান। অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও প্রয়াত সিতারা পারভীনের স্বামী আহাদুজ্জামান মো. আলী, শামসুল মজিদ হারুনসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।