সিতারা পারভীন স্মারক বক্তৃতা ও বৃত্তি চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা ও গবেষণা বৃত্তি প্রবর্তনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রথম আলোর মধ্যে সমঝোতা স্মারক হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে প্রথম আলোর মতো গণমাধ্যম এগিয়ে এসেছে, এটা খুবই আশাব্যঞ্জক। এ ধরনের উদ্যোগ শিক্ষক ও ছাত্রছাত্রীদের গবেষণায় অনুপ্রাণিত ও উৎসাহী করবে বলে তিনি উল্লেখ করেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংবাদপত্রের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কার্যক্রমে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, স্মারকটি যৌথভাবে সই হলেও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এর নেতৃত্বে থাকবে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, শিক্ষা ও গবেষণাকাজে সংবাদমাধ্যমের সঙ্গে একসঙ্গে কাজ করার এ সিদ্ধান্ত দৃষ্টান্ত হিসেবে থাকবে। ২০১২ সালের জানুয়ারি থেকে প্রতিবছর ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ আয়োজন করা হবে। এ জন্য সার্কভুক্ত দেশ থেকে একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া ২০১২ সালের জানুয়ারি থেকে সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনার জন্য প্রথম আলো ‘অধ্যাপক সিতারা পারভীন গবেষণা বৃত্তি’ প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক, গবেষকেরা এই বৃত্তির জন্য মনোনীত হবেন। প্রার্থীদের অবশ্যই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ দুটি কর্মসূচিতে আর্থিক ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবে প্রথম আলো।সমঝোতা স্মারক সইয়ের সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের মধ্যে অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন ও প্রভাষক সাইফুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আশরাফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।