সিদ্দিকুরকে চাকরি দেওয়া হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী
তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সিদ্দিকুর রহমান যাতে একটি চোখেও দেখতে পান, সে জন্য চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করছেন। খবর বাসসের।
‘রোগীর সেবায় হই আরও যত্নবান’ থিম ধারণ করে বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, নার্সিং সেবার মানোন্নয়ন ও সব ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে উন্নীতকরণের দৃঢ় শপথ এবং ‘চিকনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে বিএসএমএমইউ মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক মো. হাবিবুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের সময়সূচিসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুর রহমানের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিনই তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রোপচার হয়। এরপরই ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মো. মুনির প্রথম আলোকে বলেছিলেন, ‘অস্ত্রোপচারের পর সিদ্দিকুর রহমান তাঁর ডান চোখে কোনো আলো দেখছেন না। বাঁ চোখে একদিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছেন।’
দেশে থাকতেই ডান চোখের দৃষ্টি হারানোর সংবাদ দিয়েছিলেন চিকিৎসকেরা। বাঁ চোখের দৃষ্টি ফেরার ক্ষীণ আশা নিয়ে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিদ্দিকুরকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পাঠানো হয়। শুক্রবার সেখানকার চিকিৎসক ধনশ্রী রাত্রা চোখ পরীক্ষা করে জানিয়েছিলেন, চোখের ভেতরের আঘাত গুরুতর। অস্ত্রোপচারে যাওয়া ঠিক হবে কি না, এ জন্য তিনি দ্বিতীয় মতামতের জন্য চিকিৎসক লিংগম গোপালের কাছে রেফার করেছিলেন। সোমবার চোখ পরীক্ষা-নিরীক্ষার পর লিংগম গোপাল তাঁর মতামত জানান, অস্ত্রোপচারেও সিদ্দিকুরের চোখের দৃষ্টি ফিরবে না।