সিদ্দিকুরকে চেন্নাই পাঠাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলে’ আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে পাঠাচ্ছে সরকার। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

গতকাল সোমবার দুপুরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরের বক্তব্য শুনেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, অন্য কোনো পক্ষ থেকে ‘স্যাবোটাজ’ করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

সিদ্দিকুরের বাঁ চোখে দৃষ্টি ফিরে আসার বিষয়ে ‘কিঞ্চিৎ আশা’ দেখছেন চিকিৎসকেরা। দুপুরে তাঁকে দেখতে যান সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের অবস্থানের সময় পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে পাঠানো হবে। তাঁর চোখ ভালো করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার খরচ বহনসহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার।

সিদ্দিকুরের সহপাঠী শেখ ফরিদ বলেন, সিদ্দিকুরের পাসপোর্ট করতে আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সবকিছু পুলিশসহ কয়েক ব্যক্তি নিয়ে গেছেন।

সিদ্দিকুরের বক্তব্য শুনলেন ডিএমপি কমিশনার

দুপুরে সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রায় ১৬ মিনিট অবস্থানকালে তিনি সিদ্দিকুরের কাছে ঘটনা শোনেন। ডিএমপির দুই যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান ও মীর রেজাউল আলম মুঠোফোনে বক্তব্য ভিডিও করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একই সঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। কীভাবে আঘাত লাগল, এটি একটি বড় প্রশ্ন। তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনো পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখব।’

বিকেলে বাংলাদেশ কাবাডি ফেডারেশন মাঠে দ্বিতীয় বিভাগ কাবাডির ফাইনাল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘দুই ধরনের বক্তব্য আছে। পুলিশ বলে তারা করে নাই, ফুলের টব লেগেছে, ঢিল লেগেছে। আবার কেউ বলে, পুলিশের টিয়ার শেল লেগেছে। টিয়ার শেল সাধারণত পুলিশ এভাবে মারে না। ৪৫ ডিগ্রি ওপরের দিকে মারে। এটা অস্বাভাবিক মনে হয়েছে। তবু একটা কিছু হয়তো ঘটেছে।’ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা প্রত্যাহারের সুযোগ নেই। মামলা যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয়, সেটা নিশ্চিত করা হবে।