সিদ্দিকুরকে ভারতে পাঠানো হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চোখের চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার ভারতের চেন্নাইতে পাঠানো হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিদ্দিকুর কীভাবে আহত হলেন, তা তদন্তে প্রয়োজনে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে সিদ্দিকুরের বন্ধুরা বলছেন, ওই ঘটনার অনেক ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে, সেগুলো দেখলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ২০ জুলাই শাহবাগে অবস্থান নিতে গিয়ে পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলে’ দুই চোখে আঘাত পান সিদ্দিকুর।

সিদ্দিকুর কীভাবে আহত হলেন, সে ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ তিন সদস্যের একটি কমিটি করেছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিদ্দিকুরের চোখ জখম হওয়ার ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনে সন্তুষ্ট না হলে প্রয়োজনে আরেকটি কমিটি গঠন করা হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে তিনি বলেন, শাহবাগ মোড় যাতে বন্ধ না করা হয়, সে বিষয়ে নির্দেশনা রয়েছে।

কাল ভারতে পাঠানো হচ্ছে

সন্ধ্যায় সিদ্দিকুরকে দেখতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় হাসপাতালে থাকা সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার কোনো এক সময় তাঁকে বিমানে ভারতে পাঠানো হবে। শুক্রবার সকাল নয়টার দিকে তাঁর চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় নেওয়া হয়েছে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ইফতেখার মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সিদ্দিকুরের বাঁ চোখের অবস্থা অপরিবর্তিত। মানে একদিকে সামান্য আলো দেখতে পাচ্ছেন। ডান চোখে এখনো কিছু দেখছেন না।

স্মারকলিপি

প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া রাজধানীর সাতটি সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি, ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, হামলাকারী পুলিশ সদস্যের বিচারসহ কয়েকটি দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। কয়েকটি ছাত্র সংগঠনের মোর্চা এই জোটের নেতা-কর্মীরা গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানান। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।