সিদ্দিকুরের ক্ষেত্রে একটা কিছু হয়তো ঘটেছে: আইজিপি

‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখ জখম হওয়ার ঘটনা নিরপেক্ষ ও সততার সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আইজিপি বলেন, টিয়ার শেল সাধারণত পুলিশ এভাবে মারে না। ৪৫ ডিগ্রি ওপরের দিকে মারে। এটা অস্বাভাবিক মনে হয়েছে। তবুও একটা কিছু হয়তো ঘটেছে।
আজ সোমবার বিকেলে বাংলাদেশ কাবাডি ফেডারেশন মাঠে দ্বিতীয় বিভাগ কাবাডির ফাইনাল শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। ডিএমপি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইজিপি বলেন, ‘যেহেতু একটি অভিযোগ উঠছে, ঘটনা ঘটেছে। এটা তদন্ত করা হবে। নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। যদি পুলিশের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি থাকে, পুলিশ যদি দায়ী থাকে। তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শহিদুল হক বলেন, ‘এ ঘটনায় দুই ধরনের বক্তব্য আছে। পুলিশ বলছে, তারা করেনি—ফুলের টব লেগেছে, ঢিল লেগেছে। আবার কেউ বলছে পুলিশের টিয়ার শেল লেগেছে। সত্যিকারের ঘটনা বের করার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং তাদের বলা হয়েছে, নিরপেক্ষভাবে, সততা নিয়ে তদন্ত করতে হবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেব।’
আইজিপি বলেন, ‘চিকিৎসার জন্য যাঁরা যাঁরা ব্যবস্থা নেওয়ার—নিচ্ছেন। চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়, সেটা আমরাও (পুলিশ) দেখছি।’
আপনি কি মনে করছেন পুলিশের ভেতরে অতি উৎসাহী সদস্য রয়েছেন—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘থাকতে পারে। পুলিশ বিরাট বাহিনী। দু-একজন থাকতে পারে। সেগুলো বারবার আমরা নির্দেশনা দিচ্ছি, উপদেশ দিচ্ছি, বিফ্রিং দিচ্ছি। ক্রাউড (জনতা) কন্ট্রোলের জন্য যে নিয়মকানুন থাকে। এর পরিপন্থী কোনো কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজ করে থাকি।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে শাহবাগ থানায় যে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, মামলা প্রত্যাহারের সুযোগ নেই। মামলা যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয়, সেটা নিশ্চিত করা হবে।
এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, সিদ্দিকুরের কীভাবে আঘাত লাগল, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, এ আঘাত স্যাবোটাজ কি না, তা-ও দেখব।
আজ সোমবার বেলা ১টা ৫৬ মিনিটে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে দেখতে যান ডিএমপি কমিশনার। সেখান থেকে ২টা ১২ মিনিটে বের হয়ে আসেন তিনি। পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আহত সিদ্দিকুরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আহত স্থানটি দেখেছি। একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একই সঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। যদি একটির আঘাত লেগে থাকে, তাহলে নাক বা কপাল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাঁর নাক বা কপালে কোনো আঘাত নেই। সিদ্দিকুরও বলেছে, সে একটি আঘাত পেয়েছে। তারপর সংজ্ঞা হারিয়েছে। কীভাবে আঘাত লাগল? এটা একটি বড় প্রশ্ন। অনুসন্ধান করে তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনো পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখব।’
আরও পড়ুন...
সিদ্দিকুরের আঘাত স্যাবোটাজ কি না, খতিয়ে দেখব