সিদ্দিকুরের বাঁ চোখে অস্ত্রোপচার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের বাঁ চোখে আজ শুক্রবার অস্ত্রোপচার করা হবে। দৃষ্টি ফিরে পাওয়ার ‘ক্ষীণ’ সম্ভাবনা নিয়ে ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে এই অস্ত্রোপচার করা হবে।

সিদ্দিকুর রহমানের সঙ্গে থাকা তাঁর বড় ভাই নায়েব আলী মেসেঞ্জারে প্রথম আলোকে বলেন, ‘ভাই আমার মনটা একেবারে ভালো নাই। কাল অপারেশন হবে। সবাই দোয়া কইরেন।’ সিদ্দিকুর কেমন আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই সিদ্দিক সব সময় কাঁদে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই দিনই তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর দুই চোখে অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা বলেন, সিদ্দিকুরের ডান চোখের দৃষ্টি নেই। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছেন। দৃষ্টি ফেরার ‘ক্ষীণ’ আশা আছে।

এরপর ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিদ্দিকুরকে চেন্নাইয়ে নেওয়া হয়। পরদিন সেখানকার চিকিৎসক ধনশ্রী রাত্রা চোখ পরীক্ষা করে বলেছিলেন, চোখের ভেতরের আঘাত গুরুতর। অস্ত্রোপচারে যাওয়া ঠিক হবে কি না, এ জন্য তিনি দ্বিতীয় মতামতের জন্য চিকিৎসক লিংগম গোপালের কাছে রেফার করেছিলেন। সোমবার লিংগম গোপাল তাঁর মতামতে জানান, অস্ত্রোপচারেও সিদ্দিকুরের চোখের দৃষ্টি ফিরবে না।