জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পৌনে চার বছর আগে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল সরকারের ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’। কিন্তু ওই সব সিদ্ধান্তের বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে।
১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার কাছে জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিবাদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এখন আবার প্রায় একই ধরনের এবং নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেগুলোর জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সিদ্ধান্তের সঙ্গে কিছু মিল রয়েছে।
জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ ও সমন্বয়ের লক্ষ্যে ২০০৯ সালে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’ গঠন করেছিল সরকার। ২০১২ সালের ১৪ অক্টোবর এই কমিটির এক সভায় কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপাচার্যদের নিয়ে শিগগিরই মতবিনিময় সভার আয়োজন। কারণ, ওই সময়েই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীর জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ছিল মসজিদে জুমার নামাজের আগে জঙ্গিবাদবিরোধী মডেল বক্তৃতার অনুসরণে বক্তব্য দেওয়া হয় কি না তা দেখা, শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদের ভয়াবহতা ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা সভা করা, প্রতিদিন স্কুলের সমাবেশে (অ্যাসেম্বলি) জাতীয় সংগীত বাজানো এবং এর আগে জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয় কি না তা দেখা এবং কলেজ পর্যায়ে জঙ্গিবাদবিরোধী নাটক প্রতিযোগিতামূলকভাবে মঞ্চস্থ করা।
স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বশেষ কয়েক মাস আগে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। কিন্তু এত দিনেও এ-সংক্রান্ত কোনো মতবিনিময় সভা হয়নি। গুলশানে হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এখন ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে এবং ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছে সরকার।
জঙ্গিবাদের ভয়াবহতা ও নেতিবাচক দিক সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা বা বক্তৃতার আয়োজন করার সিদ্ধান্তও বাস্তবায়িত হয়নি। স্কুলের সমাবেশে জাতীয় সংগীত বাজানো এবং এর আগে জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয় কি না, শিক্ষা মন্ত্রণালয়ের তদারক কমিটির এ বিষয়ে মাসিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারাই এ বিষয়ে অবহিত নন। রাজধানীর নামকরা কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বলেছেন, তাঁরা এ ধরনের কোনো নির্দেশনা পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত বাজানো হলেও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয় না।
প্রতিরোধ কমিটির সভায় দেশব্যাপী, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো জঙ্গি তৎপরতা আছে কি না, সে বিষয়ে নজরদারিরও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা সঠিকভাবে হয়নি। সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থী কয়েক মাস ধরে নিখোঁজ থাকার বিষয়টি এখন জানা যাচ্ছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই সময়েই তাঁরা ওই সব কার্যক্রম শুরু করেছিলেন। বিভিন্ন কারণে তা কিছুটা ব্যাহত হয়। তবে এখন জঙ্গিবিরোধী কার্যক্রম জোরেশোরে শুরু করা হয়েছে। এখন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হবে। এ ছাড়া কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গেও এক সপ্তাহের মধ্যে সভা করা হবে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
প্রতি জেলায় কলেজ পর্যায়ে জঙ্গিবাদবিরোধী নাটক প্রতিযোগিতামূলকভাবে মঞ্চস্থ করার সিদ্ধান্তও বাস্তবায়িত হয়নি। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি জেলা থেকে একটি করে কলেজ নির্বাচন করে জাতীয় পর্যায়ে নাটক মঞ্চায়নের ব্যবস্থা করা হবে। জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক সচিব আকতারী মমতাজ প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্টভাবে কলেজ পর্যায়ে জঙ্গিবাদবিরোধী নাটক প্রতিযোগিতামূলকভাবে মঞ্চস্থ হয়েছে কি না, সেটা তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নেবেন। তাঁরা বিভিন্ন সময়ে প্রগতিশীল নাটক উৎসাহিত করেন।
মসজিদে জুমার নামাজের আগে জঙ্গিবাদবিরোধী মডেল বক্তৃতার অনুসরণে বক্তব্য দেওয়া হয় কি না, এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তদারক করে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা ঠিকমতো হচ্ছে না। গত রোববার মন্ত্রিসভা কমিটি জুমার নামাজের বয়ান নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র বলেছে, ১০ হাজারেরও বেশি মসজিদে জঙ্গি প্রতিরোধমূলক বক্তব্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে মসজিদের সংখ্যা তিন লাখের বেশি।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেও করেছিলাম, কিন্তু এখন যেহেতু অঘটনগুলো ব্যাপক আকারে ঘটছে, তাই এখন ব্যাপক আকারে করা হচ্ছে। ইতিমধ্যে আলেম-ওলামাদের নিয়ে মডেল বক্তৃতা তৈরি করে প্রায় তিন লাখ মসজিদে পাঠানো হচ্ছে, যাতে তাঁরা এটি অনুসরণ ও অনুকরণ করেন।’
২০১২ সালে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি বিভাগীয় কমিশনারদের সঙ্গে আলোচনা করে স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, মসজিদ-মাদ্রাসার ইমাম, ছাত্র ও শিক্ষকদের সম্পৃক্ত করে বিভাগীয় সদরে জঙ্গিবিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। বিভাগীয় কমিশনার ও ইসলামিক ফাউন্ডেশনের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। ঢাকার নামকরা একটি স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, তাঁদের কখনো এ ধরনের সমাবেশের জন্য ডাকা হয়নি।
অবশ্য ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জঙ্গিবাদের নেতিবাচক দিক তুলে ধরে ডকুমেন্টারি, নাটিকা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র, ভিডিও ক্লিপ প্রস্তুত এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। অন্য সিদ্ধান্তের মধ্যে ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রতি মাসে অন্তত একটি জঙ্গিবাদবিরোধী অনুষ্ঠান প্রচার, কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করে জঙ্গিবাদ দমনে গৃহীত কার্যক্রম অব্যাহত রাখা।