সিদ্ধান্ত ছাড়াই জেনেভায় বৈঠক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য কোনো সুনির্দিষ্ট ক্ষতিপূরণের সিদ্ধান্ত ছাড়াই জেনেভায় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নগুলোর জোট ইন্ডাস্ট্রিঅলের দুই দিনের বৈঠক গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও।
বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সমন্বয়ক জেড এম কামরুল আনাম। বৈঠক শেষে তিনি বিবিসিকে জানান, শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে আলোচনার জন্য বৈঠকে উপস্থিত নয়টি আন্তর্জাতিক ব্র্যান্ড বিশেষ কমিটি গঠন করে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বৈঠকে মূলত তিনটি বিষয়ের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের সঙ্গে জড়িত যেসব আন্তর্জাতিক ক্রেতা, তারা একসঙ্গে ক্ষতিপূরণের অর্থ জোগাড় করবে। দ্বিতীয়ত, এই কোম্পানিগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক করে তাদের পরবর্তী করণীয় ঠিক করবে। তৃতীয়ত, এসব কাজের সমন্বয়ের জন্য কমিটি গঠন করা।
কামরুল আনাম জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে যেহেতু সময় লাগবে, সেহেতু আগামী তিন মাস দুর্ঘটনার শিকার পোশাকশ্রমিকদের জন্য তিনি বেতন-ভাতার দাবি করেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রেতারা এতে রাজি হয়নি। বিবিসি।