কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির গতকাল মঙ্গলবারের সাধারণ সভা শেষ হয়েছে। সভায় অনেক শিক্ষক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা নিতে চাইলে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেননি সমিতির নেতারা। আগামী শনিবার সভা করার ঘোষণা দেন তাঁরা।উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করে আসছে শিক্ষক সমিতি। কয়েকজন শিক্ষক জানান, উপাচার্য পদত্যাগ না করায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সভা করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা।সভা শেষে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম সাংবাদিকদের জানান, চলমান কর্মবিরতিতে সমর্থন থাকলেও অনেক শিক্ষক ক্লাস-পরীক্ষা অব্যাহত রাখতে চান। কিন্তু শিক্ষক সমিতির সিদ্ধান্তে সবার মতামত প্রতিফলিত হচ্ছে না। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণ সভায় নতুন কর্মসূচি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার সমিতির সভা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া ক্লাস-পরীক্ষা বন্ধসহ চলমান কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।