আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ না করার সরকারি মনোভাবকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও পরিবেশবাদী সংগঠন।গতকাল বুধবার পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলো দাবি করে, ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে সরকার যেন পরিবেশ-প্রতিবেশ ও সাধারণ মানুষের কথা চিন্তা করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এক বিবৃতিতে বলেছে, বাপা আশা করে, বৃহৎ অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিনষ্ট না করার সরকারি সিদ্ধান্ত ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। বিবৃতিতে আড়িয়ল বিলের আন্দোলনকারী জনগণকেও অভিনন্দন জানায় বাপা।গণতান্ত্রিক বাম মোর্চা বিমানবন্দর নির্মাণ না করার সিদ্ধান্তকে ‘সরকারের বিলম্বিত বোধোদয়’ বলে মন্তব্য করে। জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত আড়িয়ল বিলের মানুষের আন্দোলনের ন্যায্যতাই প্রমাণ করে। সোমবারের বিক্ষোভে হতাহতের ঘটনার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সংগঠনটি দাবি করে।আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ না করার সিদ্ধান্তে আরও যেসব সংগঠন সাধুবাদ জানিয়েছে, সেগুলো হলো: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), জাতীয় মুক্তি কাউন্সিল, গণতান্ত্রিক মজদুর পার্টি ও দেশপ্রেমিক জনতার মঞ্চ। সংগঠনগুলো আন্দোলনকারী জনগণের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।