সিদ্ধান্ত না মানায় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত বুধবার সন্ধ্যায় পৌর বিএনপির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ঢাকার বাসায় অনুষ্ঠিত বৈঠকে বসুরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডে দল থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আটটি ওয়ার্ডে একজন করে দলীয় প্রার্থী থাকলেও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে প্রার্থী হন। এই ওয়ার্ডে দল মনোনীত প্রার্থী বর্তমান কাউন্সিলর নূর নবী ওরফে সবুজ।
সূত্র জানায়, বৈঠকে পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহেদুর রহমানকে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আর বিএনপির কেউ নন।
তবে বহিষ্কারের সিদ্ধান্তকে অগঠনতান্ত্রিক ও একতরফা দাবি করে জাকির হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়, যে কেউ এই নির্বাচনে প্রার্থী হতে পারে। তাঁরা আমার কাছে কৈফিয়ত চাইতে পারতেন। তা না চেয়ে, দলের গঠনতন্ত্র না পড়েই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’