সিদ্ধান্ত নিতে হবে পূর্ণাঙ্গ রায় দেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে বিরোধী দলের হরতাল ডাকা ঠিক হয়নি। পূর্ণাঙ্গ রায় না দেখে প্রধানমন্ত্রীরও সংবাদ সম্মেলন ডেকে কোনো রকম মন্তব্য করা ঠিক হয়নি। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় দলকেই রায় প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে পূর্ণাঙ্গ রায় দেখে।গতকাল শুক্রবার নগরের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘সাংবিধানিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক মহাসচিব মিজানুর রহমান শেলী। বিষয়টির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি নেতা নাজমুল হুদা। রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকতে হবে। না হলে বিএনপি নির্বাচনে আসবে না। সে কারণে কাঠামো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে দুই নেত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হয়। সেটা হয়তো সম্ভব হবে না। তার পরও গণমাধ্যমের বিভিন্ন আলোচনা দেখে তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন।মূল প্রবন্ধে সংবিধান সংশোধনে জনগণের রায়ে গণপরিষদ গঠনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানবহির্ভূতভাবে এ ধরনের কোনো পরিষদ গঠন করা যাবে না। এটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। দুই দল চাইলেই কেবল এটা করা সম্ভব।সংবিধান সংশোধনে জনগণের ভোটে গণপরিষদ গঠনের প্রস্তাব ছাড়াও মূল প্রবন্ধে নাজমুল হুদা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার উদ্ভাবন জরুরি। এসব প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। সংবিধানের ওপর এত কাটাছেঁড়া হয়েছে যে, এর অস্তিত্ব নিয়েই এখন প্রশ্ন উঠেছে। আলোচনায় আরও অংশ নেন সাংবাদিক ও কলামিস্ট আতাউস সামাদ, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদা, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, জাতীয় পার্টির নেতা ফিরোজ রশীদ, বাংলাদেশ-ইউএস চেম্বারের সভাপতি গিয়াস আহমেদ প্রমুখ।