যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্তে আমরা হতবাক, আশাহত এবং এটি তাদের প্রতিক্রিয়ার একটি অতিরিক্ত প্রকাশ হিসেবেই বোধগম্য হচ্ছে। ২০০৫ সালে গৃহীত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সিদ্ধান্তের আলোকে স্বল্পোন্নত দেশগুলোকে শুধু বাজারসুবিধা প্রদানের ঘোষণা নয়, বরং তা বাণিজ্যিকভাবে অর্থবহ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জিএসপি কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকলেও আমরা কখনোই এর বাণিজ্যিক সুবিধা ভোগ করতে পারিনি, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় সাড়ে ৯৯ শতাংশ শুল্ক দিয়েই প্রবেশ করে। গত বছর যুক্তরাষ্ট্রকে শুল্ক বাবদ ৭৪৬ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। তার পরও শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রেখে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি এবং ভবিষ্যতে সম্ভাব্য বাজারসুবিধার বিষয়টি বিবেচনায় রেখে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মভাবে কাজ করছি। তবে এ ধরনের বিরূপ সিদ্ধান্তের ফলে তার কোনো সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকেরা।
বিজিএমইএ বলছে, জিএসপি সুবিধা স্থগিত হলো এমন এক সময়, যখন ৪০ লাখ শ্রমিকের জীবিকা সংস্থানকারী ও অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত পোশাক খাতকে একটি আন্তর্জাতিক মানের শিল্পে পরিণত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।
বিবৃতিতে জানানো হয়, রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তীকালে সরকার, বিজিএমইএ ও আইএলও মিলে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের সঙ্গে ভবন নিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা—এই দুটি যুক্ত করে যৌথ ঘোষণা দেওয়া হয়। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে আইএলওর তত্ত্বাবধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বিজিএমইএ কাজ করছে।