সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আইনের আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও মানবাধিকারকর্মীরা বলছেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান যাতে না থাকে, তা পুনর্বিবেচনার এখনো সুযোগ আছে। জাতীয় সংসদে বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হলেও এখন পর্যন্ত তাতে রাষ্ট্রপতি সই করেননি। তবে সবকিছু পাশ কাটিয়ে আইনটি যেভাবে আছে সেভাবে বহাল রাখা হলে, এই বিশেষ বিধানের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশেষ বিধান বহাল রেখে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এ কথা বলেছেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে ৭০টি নারী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটি, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ও জাগো ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ বিধানের মাধ্যমে কন্যাশিশুর বিয়ের বৈধতা দেওয়া হবে। এক শ্রেণির দুর্বৃত্ত নারী নির্যাতন করেও অপরাধের শাস্তি থেকে রেহাই পেতে পারে। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নারী-পুরুষ সমতার আন্দোলনকে বাধাগ্রস্ত করবে। লিখিত বক্তব্যে বিশেষ বিধানটি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
আলোচনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী সমিতির পক্ষ থেকে জানান, তাঁরা বাল্যবিবাহের বিরুদ্ধে একটি অ্যাকশন গ্রুপ তৈরি করেছেন। ৭ থেকে ১০ দিনের মধ্যে এ গ্রুপ বাল্যবিবাহের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করবে। এরপর সমিতি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবে। তিনি বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাব, সে অধিকার আমাদের আছে। বিশেষ বিধানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেব। দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’