সিলেট নগরের গ্রাহকদের পল্লী বিদ্যুতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
সিদ্ধান্ত প্রত্যাহারে সময় বেঁধে দিলেন এলাকাবাসী
সিলেট মহানগরের কুমারগাঁওয়ে পিডিবির অধীন চারটি এলাকার গ্রাহকদের পল্লী বিদ্যুতের অধীনে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারে ১৫ দিনের সময়সীমা বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন এলাকাবাসী। গতকাল বুধবার সিলেট-সুনামগঞ্জ সড়কে মানববন্ধন ও পথসভা করে সময়সীমা বেঁধে দেওয়া হয়।
গতকাল তেমুখী থেকে লামাকাজী পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রায় ১২ কিলোমিটারে এসব কর্মসূচি পালন করা হয়। ‘আমরা মহানগরের বাসিন্দা, নগরের বাসিন্দাদের কেন গ্রামের বিদ্যুৎ?’—এমন প্রশ্নসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে চলে কর্মসূচি। এ সময় বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
জানা গেছে, কুমারগাঁওয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) টুকেরবাজার বিদ্যুৎ ফিডার থেকে মহানগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার, কান্দিগাঁও, মোগলগাঁও, লামাকাজী ও বিমানবন্দর থানার খাদিমনগরের একাংশে বিদ্যুৎ সরববরাহ হচ্ছিল। এসব এলাকায় প্রায় ১৫ হাজার বিদ্যুতের গ্রাহক আছে। সম্প্রতি পিডিবি তাদের পল্লী বিদ্যুতের অধীন করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মহানগরের এলাকা হওয়ার পরও বিদ্যুৎ সরবরাহে গ্রাম এলাকার সুবিধা ভোগ করতে হবে—এ অভিযোগ তুলে স্থানীয় লোকজন ‘পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি’ গঠন করে প্রায় এক সপ্তাহ ধরে পথসভা করছে। গতকাল সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী।
পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিকের সভাপতিত্বে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে খণ্ড খণ্ড পথসভা হয়। এতে কমিটির সদস্যসচিব আইনজীবী নূরে আলম সিরাজী, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম, কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরউদ্দিন আহমদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হিরণ মিয়া প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন কমিটির সদস্য মকসুদ আহমদ ও উস্তার আলী। সমাবেশ থেকে অভিন্ন দাবি ঘোষণা করে ১৫ দিনের মধ্যে পিডিবির প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিন দফা দাবিসংবলিত প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্রে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে পিডিবির টুকেরবাজার ফিডারকে কোনোভাবেই পল্লী বিদ্যুতে হস্তান্তর করা চলবে না, টুকের বাজার ফিডারসহ সমগ্র সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে হবে ও বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক নগর থেকে গ্রামে বিদ্যুৎ স্থানান্তরের প্রক্রিয়াকে গভীর ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করে বলেন, ১৯৯৭ ও ২০০৩ সালে দুবার এ রকম সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত একইভাবে আন্দোলনের মাধ্যমে প্রত্যাহার করা হয়। এবার সেই পুরোনো চক্রটি আবার সক্রিয় হয়ে নগর এলাকার মানুষজনকে আবার গ্রামের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে পিডিবি সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, ‘এ সিদ্ধান্ত ওপর থেকে হয়েছে।’ কিন্তু ওপর থেকে কারা কী জন্য করল, এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়েও আমরা অবহিত আছি এবং যথারীতি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।’