প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে প্রশ্নপত্র ফাঁসের সঠিক কারণ নির্ণয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয় জানাতে ২ জলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তদন্ত কমিটি এ বিষয়ে যেসব সুপারিশ করেছে, তার মধ্যে রয়েছে বিদ্যমান ‘দীর্ঘ সময়ব্যাপী’ সময়সূচির নিয়ম পুনর্নির্ধারণ করে সম্ভব হলে এক দিনে দুই পরীক্ষা (সকাল-বিকেল) অথবা প্রতিদিন একটি করে বিরতিহীনভাবে পরীক্ষা নেওয়া।
গতকাল সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে শিক্ষার্থীরা বলে, সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় প্রস্তুতির অংশ হিসেবে একটি পরীক্ষার পর পরবর্তী পরীক্ষার মাঝে অবশ্যই বিরতি থাকা প্রয়োজন।
ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ‘বাংলাদেশ ছাত্রজনতা’র ব্যানারে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও প্রদান করে শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেয় ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, শহীদ সৈয়দ নজরুলই ইসলাম কলেজসহ বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রায় ৫০০ শিক্ষার্থী।
কুড়িগ্রামে বেলা ১১টায় ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল করে জামতলা মোড়ে মানববন্ধন করে। পরে ইউএনও বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল দুপুর সাড়ে ১২টায় পাটগ্রাম পৌরসভার চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে ইউএনও রফিকুল হকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলে, সরকার এতে ব্যর্থ হয়েছে। এখন এর দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে এই অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে।
নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নাটোর শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যায়। পরে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।