অনুমোদনহীন গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ
সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না বলেই পাহাড়ধসে মৃত্যু থামছে না
চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বারবার সভা হয়। ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষকে সরানোর এবং পাহাড় ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ঘরবাড়ির গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো সিদ্ধান্তই কার্যকর হয় না। আর ব্যবস্থাপনা কমিটির এই উদাসীনতার কারণে প্রতিবছর পাহাড়ধসে প্রাণ হারায় অসংখ্য মানুষ।
সর্বশেষ গতকাল রোববার লালখান বাজারের টাংকি পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর আবার নড়েচড়ে বসেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। গতকাল মাইকিং করে লোকজনকে সতর্ক করার পাশাপাশি নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
অনুমোদনহীন ভবনে ভাড়া ঘর: সরেজমিনে দেখা গেছে, লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় একটি তিনতলা এবং আরেকটি সেমি পাকা ভবন নির্মাণ করেন মো. আকবর। এই কলোনির গা ঘেঁষে ২০ ফুট উঁচু একটি টিলার ওপর আরেকটি দোতলা বাড়ি। ওই টিলার একটি অংশ ধসে গতকাল টাংকির পাহাড়ে মা-মেয়ের মৃত্যু হয়। এসব অনুমোদনহীন বাড়িতে গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ রয়েছে। এভাবে মতিঝরনা পাহাড়, লেকসিটি হাউজিং, বিশ্ব কলোনি, উত্তর পাহাড়তলির লেকভিউ আবাসিক এলাকা, খুলশী ব্রিক ফিল্ডসংলগ্ন পাহাড়, দক্ষিণ খুলশী জাকির হোসেন সোসাইটি পাহাড়, এ কে খান অ্যান্ড কোং, মেডিকেলের পাহাড়, বাটালি পাহাড়, ইস্পাহানি পাহাড়সহ নগরের ১৩টি পাহাড়ে সিডিএর অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য সেমি পাকা ও পাকা ভবন। এর মধ্যে কুসুমবাগ পুলিশ লাইন পাহাড়ে ৭০-৮০টি ও গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি পাহাড়ে ১০০টি পরিবার ঝুঁকিতে আছে।
আকবর কলোনির বাসিন্দা রিকশাচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গরিব মানুষ, কোথায় যাব? এখানে দুই হাজার টাকা ভাড়ায় থাকি।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব এলাকায় ভবন করার অনুমোদন দেওয়ার প্রশ্নই আসে না। কারণ পাহাড়গুলোর মালিকানাই ঠিক হয়নি।’
তাঁবু প্রকল্প: ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন নিহত হওয়ার পর চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। কমিটির বিভিন্ন সভায় বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। কিন্তু অর্থাভাবে তা বাস্তবায়িত হয়নি।
ফলে গত বছরের ২৬ জুন আকবর শাহ মাজারসহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসে ২৮ জন, ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড়ের দেয়ালসহ পাহাড়ধসে ১৭ জন, ২০০৮ সালে মতিঝরনায় ১৪ জন প্রাণ হারায়।
জেলা প্রশাসনের উদ্যোগে ২০১টি পরিবারকে নগরের টাইগার পাস এলাকার দুটি মাঠে তাঁবু খাটিয়ে আশ্রয় দেওয়া হয়। তবে তাঁবু-সংকট, মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়া এবং বাসিন্দাদের অনীহার কারণে তাঁবু প্রকল্প আর এগোয়নি।