জাতীয় বেতন কমিশন, প্রতিবেদন পর্যালোচনা কমিটি বা সচিব কমিটির সুপারিশ বা প্রস্তাবের ভিত্তিতে কোনো রকম আন্দোলন বা কর্মসূচি পালন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি এই পরামর্শ দেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কমিশন গঠন, অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে তাঁদের কয়েক ধাপ নিচে নামিয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে এগুলো সমাধানে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, সরকার শিক্ষায় যে লক্ষ্য অর্জন করতে চায়, তার নিয়ামক শক্তি হলেন শিক্ষকেরা। তিনি শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষার বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বেতনকাঠামোর বিষয়টি যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেহেতু এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা চূড়ান্ত হওয়ার আগে মন্ত্রিসভায় আলোচনা ও অনুমোদন হতে হবে। তাই সেই পর্যায়ে যাওয়ার আগে শিক্ষকদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।