আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেওয়া না-দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি আরও জানান, কাল সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। আজ রোববার রাতে তিনি প্রথম আলোকে এসব কথা জানান।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল সোমবার বেলা দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু রাজধানী ঢাকায় এখনো সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ডিএমপির। এ সমাবেশ ১০ জানুয়ারি করার কথা ছিল, কিন্তু বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে ১২ তারিখ করার সিদ্ধান্ত নেয় দলটি।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন ‘এখন পর্যন্ত অনুমতি দেওয়া বা না-দেওয়ার কোনো সিদ্ধান্তই হয়নি। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। ইজতেমা এবং সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নারী পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় আমি সারা দিনই বাইরে ছিলাম। অফিসে বসতে পারিনি। আজ এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
সিদ্ধান্ত ইতিবাচক হবে ইঙ্গিত দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। তা ছাড়া আওয়ামী লীগ বলেছে ডিএমপির অনুমতি ছাড়া তারা সমাবেশ করবে না। সব মিলিয়ে আমাদের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে আমরা এখনো অফিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করিনি। আওয়ামী লীগের সমাবেশ বিকেলে। আমরা আগামীকাল সোমবার সকালে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’