সিদ্ধান্তবাড়ীতে মানুষের ঢল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হয় ২২ চৈত্র। আর বর্ষবরণের নানা আয়োজন পয়লা বৈশাখে তিন দিনব্যাপী বৈশাখী মেলা গতকাল সোমবার শেষ হয়। এ সবকিছুই আয়োজন করা হয় উপজেলার সিদ্ধান্তবাড়ীতে। সরেজমিনে দেখা গেছে, মেলা সিদ্ধান্তবাড়ীর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওই বাড়ির সামনের মাঠ ছাড়িয়ে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠ পর্যন্ত বিস্তৃত হয়। পয়লা বৈশাখের সকাল থেকে মানুষের ঢল নেমেছিল বৈশাখী মেলায়। এখানে কেউ আসেন সিদ্ধান্তবাড়ীর মন্দিরে পূজা দিতে, কেউ চড়ক ঘুল্লি দেখতে, আবার কেউ মেলায় আসেন পরিবার-পরিজন নিয়ে। তবে এখানে মূল আকর্ষণ কয়েক শ বছরের পুরোনো চড়ক ঘুল্লি। এই চড়ক ঘুল্লি বা পূজাকে কেন্দ্র করে এখানে মেলাও বসে। বিকেলে মন্দিরের সামনের মাঠে চড়ক ঘুল্লি দেখতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। সাদা ও লাল শাড়ি এবং পাঞ্জাবি ও ফতুয়া পরে তরুণেরা মেলায় আসেন। শিশু-কিশোরদের কাছে চড়কপূজা প্রধান আকর্ষণের বিষয় ছিল না। তারা ঘোড়া ও নাগরদোলায় চড়া এবং বায়োস্কোপ দেখার বিষয়গুলোই উপভোগ করেছে। গতকাল মেলার শেষ দিনে মন্দির প্রাঙ্গণে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁরা নানা ধরনের গান গেয়ে দর্শকদের আনন্দ দেন।