সিদ্ধান্তে অটল আছি বললেন শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে যে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সে বিষয়ে তিনি তাঁর অবস্থানে অটল আছেন বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘সিদ্ধান্তে অটল আছি। আজও (মঙ্গলবার) বিসিকের কাছে ট্যানারি মালিকদের উকিল নোটিশ পাঠাতে বলেছি।’
মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এত অল্প সময়ে এতগুলো ট্যানারি সরিয়ে নেওয়া সম্ভব কি না?
জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘তাঁদের এত দিন ধরে অনেক সময় দেওয়া হয়েছে।’
‘তাঁরা না সরলে কী করবেন?’
‘সেটা সময়ে দেখা যাবে।’
গত রোববার শিল্পমন্ত্রী ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ ট্যানারি থেকে কারখানাগুলো সরিয়ে নিতে মালিকদের উদ্দেশে বলেছিলেন। এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশ দিয়েছিলেন না সরলে উকিল নোটিশ পাঠাতে। গতকাল ৭২ ঘণ্টা সময়সীমা পার হয়ে গেছে।
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ পর্যায়ের তিনজন কর্মকর্তা বলেন, এত বড় একটি সেক্টর, এককথায় তো সরিয়ে নেওয়া সম্ভব নয়। অন্তত ছয় মাস সময় তো লাগবে। এ ছাড়া সাভারের হেমায়েতপুরে এখন পর্যন্ত বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর কাজ শেষ হয়নি।