সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজারে সংঘর্ষ অগ্নিসংযোগ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় বালুঘাটের শ্রমিকদের সঙ্গে শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
আড়াইহাজার উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। রূপগঞ্জে বিএনপির কর্মীরা সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
অবরোধে গতকাল ঢাকা-চট্টগ্রাম, সিলেট ও আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। তবে স্থানীয় গণপরিবহন চলাচল করেছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে খবর জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:
নারায়ণগঞ্জ: সকাল সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর ওপর ছাত্রশিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করেন এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় সেতুর পাশে কাজ করা বালুঘাটের শ্রমিকেরা শিবিরের কর্মীদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে শটগানের ফাঁকা গুলি ছুড়লে শিবিরের কর্মীরা পালিয়ে যান।
সকাল পৌনে আটটার দিকে বিএনপির নেতা-কর্মীরা আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালান এবং ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটান। বাধা দিলে তাঁরা পুলিশের একটি গাড়িতে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শটগানের কয়েকটি গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন কর্মী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
অন্যদিকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর কালনী এলাকায় বিএনপির সমর্থকেরা সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। বুধবার রূপগঞ্জে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৪২১ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল মামলা করেছে পুলিশ।
সাভার: ঢাকার সাভারের হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কাজ শেষে সন্ধ্যায় শ্রমিকদের নিয়ে একটি বাস সাভার বাসস্ট্যান্ডে নামায়। সন্ধ্যা সাতটার দিকে বাসটি শিমুলতলা এলাকা দিয়ে ঘুরিয়ে হেমায়েতপুরের দিকে যাওয়ার মুহূর্তে ১০-১২ জন অবরোধকারী এসে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের জলকামান দিয়ে আগুন নেভানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর: বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চুপাইর বাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন (৩০) নিহত হওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।