সিদ্ধিরগঞ্জ ও টঙ্গীতে ৬৬ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় রপ্তানিমুখী পোশাক কারখানা আরকে গ্রুপের দুই পরিচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ৬০ লাখ টাকা এবং গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার এ দুটি ঘটনা ঘটেছে।সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা আরকে গ্রুপের মালিকের ছেলে ও পরিচালক কায়সার আহম্মেদ রাজীব জানান, তিনি ও তাঁর ছোট ভাই পরিচালক রাফিদ কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ঢাকার মতিঝিলে অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তুলে প্রাইভেট কারে করে নারায়ণগঞ্জে আসছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জালকুড়ি এলাকার ভেতরের রাস্তা দিয়ে চৌধুরীবাড়ি আসার পথে তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে অস্ত্রের মুখে তাঁদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা প্রথমে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে এবং গাড়ির চাবিটি নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে গাড়ির সবগুলো কাচ ভেঙে টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে কয়েকবার গুলি করার চেষ্টা করলেও গাড়ি থেকে বের না হওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।টঙ্গীর আউচপাড়া এলাকার এমএস সোয়েটার কারখানার মালিক মো. জমির শ্রমিকদের বেতন দেওয়ার জন্য গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোসেন মার্কেট শাখা থেকে ছয় লাখ টাকা তোলেন। তিনি এই টাকা নিয়ে অটোরিকশায় করে প্রায় ২০০ গজ দূরে কারখানার দিকে যাচ্ছিলেন। পথে ছয়-সাতজন যুবক অটোরিকশার গতি রোধ করে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে টাকাভর্তি হাতব্যাগটি নিয়ে পালিয়ে যান। এ সময় ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।