নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত রোববার হরতাল চলাকালে সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নামে মামলা করেছে পুলিশ। স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন ওই দিন রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদকে প্রধান করে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং জনস্বার্থ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। এদিকে হরতালে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুলকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুবদলের নেতারা।মামলার অন্য আসামিরা হলেন: থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আলী হোসেন প্রধান, আনোয়ার হোসেন, বাবুল, সেলিম মাহমুদ, আলমগীর ওরফে দরজি আলমগীর, লিয়াকত হোসেন, শাহ আলম, টি এইচ তোফা, জাহাঙ্গীর ওরফে কাউন্টার জাহাঙ্গীর, রুস্তম আলী, শিপন, রতন মোল্লা, মনির ওরফে বেকারি মনির, মহিউদ্দিন মোল্লা ও আ. মালেক ওরফে গাট্টা মালেক।ওসি কামরুল আলম মোল্লা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা ও সিদ্ধিরগঞ্জে হরতালে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা-গুলিবর্ষণের প্রতিবাদে গতকাল বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে মহানগর যুবদল। এতে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. সুরুজ্জামান, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব প্রমুখ। ব্রাহ্মণপাড়ায় মামলা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত রোববারের হরতালে একটি মাইক্রোবাসের কাচ ভাঙচুরের ঘটনায় স্থানীয় থানার পুলিশ উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলমসহ ১৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়।