সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতার কারাগারে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আলী হোসেন প্রধান গতকাল শনিবার ভোরে মারা গেছেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত কারাধ্যক্ষ মো. আসাদুর রহমান বলেন, ভোর চারটায় কারাগারে শ্বাসকষ্ট শুরু হলে কারারক্ষীরা আলী হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসাদুর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ৩ নভেম্বর থেকে আলী হোসেন কারাগারে বন্দী ছিলেন। বন্দী অবস্থায় বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
এদিকে আলী হোসেনের মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ অন্য নেতারা।