তিনজনকে মামলায় ফাঁসানো ও জমি দখলে ভূমিদস্যুদের সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের থানা থেকে প্রত্যাহার করে নগরের মাসদাইর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গণমাধ্যমে আসা প্রতিবেদন ও বিধবা নারী আছমা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ও এসআই ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত কমিটি। দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করায় অভিযুক্ত তিনজনকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। এর ভিত্তিতে অভিযুক্ত ওসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, সরাফত উল্লাহর বিরুদ্ধে মানুষের জমি দখলে সহায়তা, নিরীহ মানুষকে হয়রানি করাসহ নানা অভিযোগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাত-আটটি আবেদন জমা পড়েছে। অভিযোগগুলো তদন্তাধীন অবস্থায় আছে বলে তিনি জানান। এ ছাড়া চোরাই তেলের ব্যবসা থেকে বখরা আদায়, পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজি, শীতলক্ষ্যা নদীর তীরে বালু, পাথর ব্যবসা ও বালুবাহী বাল্কহেড থেকে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
সরাফত উল্লাহসহ পুলিশের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর পাশাপাশি জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতা করার অভিযোগ করেন আছমা বেগম। তিনি অভিযোগ করেন, তাঁর ছোট ভাই মোহাম্মদ আলীসহ তিনজনকে মাদক সেবনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয় এবং তাঁর কাছ থেকে কয়েক দফায় ঘুষ নেওয়াসহ আরও ১৮ লাখ টাকা ঘুষ দাবি করেন সরাফত উল্লাহ।
আছমার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কারাগারে ১৯ দিন আটক থাকার পর ১৬ মে আছমা বেগমের ভাই মোহাম্মদ আলীসহ তিনজন জামিনে মুক্তি পান। তদন্ত কমিটি আছমার অভিযোগের সত্যতা পায় এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।