সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উদ্বোধন ১৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১২০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের উদ্বোধন করবেন। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি সভা হয়েছে। সভায় জানানো হয়, ওই দিন প্রধানমন্ত্রী প্রথমে বিদ্যুৎ উৎপাদন ইউনিটটির উদ্বোধন করবেন। পরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন।জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী শফিকুর রহমান, জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনউল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসভিত্তিক দুটি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালের ৭ নভেম্বর ইউনিট দুটির উত্পাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু গ্যাস সংকটের কারণে তা পিছিয়ে যায়। দুটি ইউনিটের জন্য প্রতিদিন ১০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু গ্যাস সরবরাহ নিশ্চিত না করেই উদ্বোধন হচ্ছে ইউনিটটি। একই ক্ষমতাসম্পন্ন অন্য ইউনিটটি আগামী মাসে উৎপাদনে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।