সিদ্ধিরগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণে ওমর আলী (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমরের বাড়ি খুলনার তেরখানা থানার আটিয়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব ইসলাম অক্সিজেন মিলে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও নিহত ব্যক্তির সহকর্মী সূত্রে জানা গেছে, ইসলাম অক্সিজেন মিল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পিকআপ ভ্যানে করে ওমর ও তাঁর সহকর্মীরা চৌধুরীবাড়ি এলাকায় জুলফিকার রি-রোলিং যান। পিকআপভ্যান থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওমর গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে অবস্থিত তিন শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখার হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফত বলেন, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।