সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে গতকাল রোববার দুপুরে একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই হোটেল থেকে আট যৌনকর্মীসহ ১০ জনকে আটক করে।এলাকাবাসী জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নিউ প্যারাডাইস হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ জন্য গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত হোটেলটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এর পরও সেখানে অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে হোটেলটিতে হামলা ও ভাঙচুর চালায়। হোটেলের বিভিন্ন কক্ষে অবরুদ্ধ করে আট যৌনকর্মীসহ ১০ জনকে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, ‘হোটেলটির ট্রেড লাইসেন্স ও জেলা প্রশাসনের অনুমোদন নেই। আট যৌনকর্মীসহ ১০ জনকে আটক করা হয়েছে।’